ওঙ্কার ডেস্ক: আদিবাসী সম্প্রদায়ের নাবালিকা স্কুলছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত বেলপাহাড়ির শিলদা। অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হলেও ক্ষোভ প্রশমিত হয়নি স্থানীয়দের। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে আজ, শুক্রবার দুপুরে ‘আদিবাসী সিঙ্গেল অভিযানে’র তরফে এলাকায় মিছিল বের করা হয়। এলাকাবাসীর দাবি, অভিযুক্তকে দোষী প্রমাণিত করে ফাঁসির ব্যবস্থা করুক প্রশাসন।
জানা যাচ্ছে, আজ বেলায় বুনিয়াদপুর ফুটবল মাঠ থেকে বিশাল মিছিলের আয়োজন করা হয়। সেখানে যোগ দিয়েছিলেন প্রচুর আদিবাসী সম্প্রদায়ের মহিলা-সহ যুবক যুবতীরা। মিছিল শেষে ঘটনাস্থল কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল বলে দাবি সূত্রের। ঘটনাস্থলে অপ্রীতিকর ঘটনা এড়াতে আগে থেকেই মোতায়েন করা ছিল বংশীহারী থানার প্রচুর পুলিশ।
সূত্রের খবর, গত ২৩ আগস্ট বেলপাহাড়ি এলাকার এক নাবালিকাকে ধর্ষণ করা হয়। অভিযোগ ওঠে এলাকারই এক টোটোচালকের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, সেইদিন অভিযুক্ত নাবালিকাকে টোটো গাড়িতে উঠিয়ে জঙ্গলের দিকে নিয়ে যায়, এবং সেখানেই তার উপর যৌন অত্যাচার চালান হয়। এরপর পুলিশের কাছে অভিযোগ জানান হলে অভিযুক্ত রূপকুমার দাসকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তবে অভিযুক্ত গ্রেফতার হলেও ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। বিক্ষোভকারীদের দাবি, নাবালিকার উপর এমন গুরুতর অপরাধের ক্ষেত্রে দ্রুত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। বিক্ষোভকারীদের একাংশ অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবিও তুলেছেন। এই দাবিকে সামনে রেখেই শুক্রবার উত্তপ্ত হয়ে পড়ে এলাকা।