ওঙ্কার ডেস্ক: দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রবিবার দিল্লিতে বড়সড় কর্মসূচি নিতে চলেছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। রামলীলা ময়দানে আয়োজিত হবে সমাবেশ। এই কর্মসূচিতে রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে দেশের সব ছাত্র সংগঠনকে যোগ দেওয়ার আহ্বান জানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। পুলিশের বাধা বা লাঠিচার্জের ভয় না পেয়ে আন্দোলনে শামিল হওয়ার বার্তা দিয়েছেন তিনি।
রাহুলের এই আহ্বানের আগে থেকেই কর্মসূচিকে সমর্থন জানিয়েছে সিজেপি। এবার ছাত্র-যুবদেরও আন্দোলনে সামিল করতে চাইছেন কংগ্রেস নেতা। তাঁর বক্তব্য, এই লড়াই কোনও একটি রাজনৈতিক দলের নয়। গণতন্ত্র, সংবিধান এবং ভোটাধিকার রক্ষার জন্যই এই মিছিল। একটি ভিডিয়ো বার্তায় রাহুল গান্ধী বলেন, এই কর্মসূচির উদ্দেশ্য গণতন্ত্রকে রক্ষা করা, ‘ভোট চুরি’ বন্ধ করা এবং সংবিধানকে সুরক্ষিত রাখা। তাঁর মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে যাঁরা অসন্তুষ্ট, তাঁদের সকলেরই এই আন্দোলনে যোগ দেওয়া উচিত।
পুলিশি বাধার প্রসঙ্গেও সরব হয়েছেন রাহুল। আন্দোলনকারীদের আটকানো এবং পুলিশের লাঠিচার্জ নিয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। সেই প্রেক্ষাপটে ছাত্র-যুবদের উদ্দেশে তাঁর বার্তা, ভয় না পেয়ে মিছিলে যোগ দিতে হবে।
রাহুল বলেন, “পুলিশ বা লাঠিচার্জ নিয়ে ভয় পাবেন না। বিজেপির আর ও সব করার সাহস হবে না। মিছিলে যোগ দিন। আমরা সকলে সংবিধান এবং দেশকে রক্ষা করতে একসঙ্গে হাঁটব। ভয় পাওয়ার কোনও কারণ নেই।”
যদিও রবিবার রামলীলা ময়দানের সমাবেশে বিরোধী জোটের নেতাদের পাশাপাশি সিজেপির নেতৃত্বও উপস্থিত থাকবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। এই বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি সিজেপি নেতা অভিজিৎ দীপকে।