ওঙ্কার ডেস্ক: ভালবাসার অনন্য নিদর্শন। অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য ৩০০ কিমি পথ ভ্যান চালিয়ে পাড়ি দিলেন ৭৫ বছর বয়সী এক ব্যক্তি। কোনও রুপোলি পর্দার ছবি নয়, বাস্তবে এটেছে ওড়িশায়।
সম্বলপুরের মোদিপাড়ার বাসিন্দা বাবু লোহার। তাঁর ৭০ বছর বয়সী স্ত্রী জ্যোতির স্ট্রোক হয় কয়েক মাস আগে। এর পর স্থানীয় হাসপাতালে তাঁর চিকিৎসার পর চিকিৎসকরা জানিয়ে দেন, কটকের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে (এসসিবিএমসিএইচ) জ্যোতির বিশেষ চিকিৎসার প্রয়োজন।
কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স ভাড়া করার টাকা ছিল না তাঁদের কাছে। আর্থিক অনটনে থাকা লোহার নিজের ভ্যানকে অ্যাম্বুলেন্সে পরিণত করেন। বাহনটিতে কাঁথা ও চাদর বিছিয়ে স্ত্রীকে তাতে চাপিয়ে নয় দিন ধরে প্যাডেল চালিয়ে পৌঁছন হাসপাতালে। সংবাদ মাধ্যমকে লোহার জানান সম্বলপুর থেকে কটক পর্যন্ত এই যাত্রা পথে তিনি দিনের বেলা ভ্যান চালাতেন এবং রাতে রাস্তার ধারের দোকানে আশ্রয় নিতেন। বয়স এবং ঘাম ঝরানো পরিশ্রমের ধকল সত্ত্বেও, তিনি সফলভাবে হাসপাতালে পৌঁছান। সেখানে জ্যোতির দুই মাস ধরে চিকিৎসা চলে।
গত ১৯ জানুয়ারি হাসপাতাল থেকে ওই দম্পতি বাড়ি ফেরার যাত্রা শুরু করেন। তবে, চৌদওয়ারের কাছে একটি গাড়ি তাঁদের ভ্যানে ধাক্কা দিলে আরেকটি দুর্ঘটনা ঘটে। সেই ধাক্কার অভিঘাতে বৃদ্ধা গুরুতর জখম হন। একটি স্বাস্থ্যকেন্দ্রে সাময়িকভাবে চিকিৎসা নিতে হয়।তার পরেও লোহার দমে যাননি। সম্বলপুরে ফেরার সময় তিনি বলেন, ‘আমাদের আর কেউ নেই; আমরা শুধু একে অপরের সম্বল।’
