ওঙ্কার ডেস্ক: রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য ভারতকে একাধিকবার হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। এবার ট্রাম্প প্রশাসনকে পাল্টা জবাব দিল ভারতও। নয়াদিল্লির তরফে সাফ জানানো হল, ‘নিজের স্বার্থের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রও রাশিয়ার সঙ্গে বাণিজ্য করে।’ আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের, ভারত যে দেশের স্বার্থ মাথায় রেখে কাজ করে যাবে তা স্পষ্ট জানিয়ে দিয়েছে।
ভারতের বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্বের জ্বালানির বাজার স্থিতিশীল রাখতে মার্কিন যুক্তরাষ্ট্রই রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতকে উৎসাহিত করেছিল।’ ওয়াশিংটন এবং ইউরোপীয় ইউনিয়ন যে ভাবে ভারতকে লাগাতার আক্রমণ করে যাচ্ছে, তা ‘অযৌক্তিক’ বলেও অভিহিত করেছে নয়াদিল্লি। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘২০২৪ সালে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার সঙ্গে ৬৭.৫ বিলিয়ন ইউরোর বাণিজ্য করেছিল। শুধু তাই নয়, ২০২৩ সালে বাণিজ্যের পরিমাণ ছিল ১৭.২ বিলিয়ন ইউরো। ভারতের সঙ্গে বাণিজ্যের থেকে যা অনেক গুণ বেশি।’
উল্লেখ্য, সম্প্রতি ভারতের পণ্যের উপর ২৫ শতাংশ হারে শুল্ক চাপিয়েছে ওয়াশিংটন। রাশিয়া থেকে নয়াদিল্লি তেল কেনায় ক্ষুব্ধ ট্রাম্প প্রশাসন। মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগ, ভারত রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেনের সঙ্গে মস্কোর যুদ্ধে সাহায্য করছে। সোমবার ভারতের উপর ক্ষোভ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর মালিকানাধীন সমাজ মাধ্যম ট্রুথ সোশালে লিখেছেন, ‘ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণে তেল কিনছে। সেই তেলের বেশিরভাগই তারা খোলা বাজারে বিক্রি করে মুনাফা কামাচ্ছে। রাশিয়ার লাগাতার হামলার জেরে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইউক্রেন। ইউক্রেনের মৃত্যুমিছিলে আদৌ রুশ ‘বন্ধু’ ভারতের কিছু এসে যায় না। এই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের উপর আরও চড়া হারে শুল্ক আরোপ করবে।’
