ওঙ্কার ডেস্ক: রাশিয়া সফলভাবে পারমাণবিক-চালিত বুরেভেস্টনিক টাইপের ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করল। মস্কোর দাবি, এই ক্ষেপণাস্ত্রটি যে কোনও প্রতিরক্ষা ব্যবস্থাকে ছাপিয়ে যেতে সক্ষম। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রবিবার বলেন যে, রাশিয়া এটি মোতায়েনের প্রস্তুতি নেবে।
রাশিয়ান সেনাবাহিনীর প্রধান ভ্যালেরি গেরাসিমভ জানান, পরীক্ষাটি ২১ অক্টোবর অনুষ্ঠিত হয়। পরীক্ষার সময় ক্ষেপণাস্ত্রটি প্রায় ১৪,০০০ কিমি অতিক্রম করে এবং আকাশে প্রায় ১৫ ঘণ্টা অবস্থান করে। ইউক্রেনে চলমান যুদ্ধের দায়িত্বে থাকা জেনারেলদের সঙ্গে বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই বৈঠকে তিনি বলেন, এটি এক অনন্য ধরনের অস্ত্র — বিশ্বে এর মতো অস্ত্র কোনও দেশের হাতে নেই। তিনি আরও জানান, আগে রুশ বিশেষজ্ঞরাও বলেছিলেন এমন ক্ষেপণাস্ত্র তৈরি করা প্রায় অসম্ভব, কিন্তু এবার এর গুরুত্বপূর্ণ পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।
গেরাসিমভ বলেন, পরীক্ষায় এই পারমাণবিক-চালিত ক্ষেপণাস্ত্র দীর্ঘপর্যায়িক পথ পাড়ি দিয়েছে এবং এর কার্যকর পাল্লা মূলত সীমাহীন; ফলে এটি অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম। অন্যদিকে, গত বুধবার পুতিন দাবি করেছিলেন যে রাশিয়ার পারমাণবিক প্রতিরক্ষা ক্ষমতা অত্যাধুনিক—এমনকি অনেক পারমাণবিক শক্তির চেয়ে এগিয়ে।ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টস-এর তথ্যমতে, বিশ্বে উপস্থিত মোট পারমাণবিক অস্ত্রের প্রায় ৮৭ শতাংশই রাশিয়া ও মার্কিন মুলুকে সংরক্ষিত আছে, এবং এসব অস্ত্র দিয়ে পৃথিবী বহুবার ধ্বংস করার ক্ষমতা রয়েছে।
