ওঙ্কার ডেস্ক: সৈয়দ সালাহউদ্দিন, হিজবুল মুজাহিদিনের প্রধান। তাঁকে এবার পাকড়াও করার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আর্জি জানিয়েছেন পাক অধিকৃত কাশ্মীরের শরণার্থীরা। যে ভাবে মার্কিন সেনা বাহিনী ভেনেজুয়েলায় ঢুকে সে দেশের প্রেসিডেন্ট মাদুরোকে অপহরণ করেছে, সেই পন্থায় সালাহউদ্দিনকে ধরে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছেন তাঁরা।
পাক-অধিকৃত কাশ্মীরের শরণার্থীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আর্জি জানিয়ে বলেছেন, ওই অঞ্চলের জঙ্গি ঘাঁটিগুলির বিরুদ্ধে একটি সাহসী ও দৃঢ় অভিযান চালানোর জন্য। পাক-অধিকৃত কাশ্মীরের শরণার্থীদের সংগঠন এসওএস ইন্টারন্যাশনাল প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখে এই অনুরোধ করেছে। সংগঠনের চেয়ারম্যান রাজীব চুনি আবেদন জানিয়ে বলেছেন, একটি সার্জিক্যাল স্ট্রাইক চালানোর জন্য। যাতে সেখানে থাকা জঙ্গিঘাঁটি ধ্বংস হয় এবং হিজবুল মুজাহিদিন প্রধান সৈয়দ সালাহউদ্দিনকে গ্রেফতার করা হয়। চুনি বলেছেন, তিনি চান ভারতীয় বাহিনী সালাহউদ্দিনকে গ্রেফতার করে, শেকল পরিয়ে ভারতে নিয়ে আসুক। ভেনেজুয়েলায় মার্কিন অভিযান এবং দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর উদাহরণ তুলে ধরেন এ প্রসঙ্গে তিনি। চিঠিতে তিনি জোরের সঙ্গে বলেন, পাক-অধিকৃত কাশ্মীরকে সন্ত্রাসী, মাদক ও অস্ত্রের উৎক্ষেপণ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। ভারতের জাতীয় নিরাপত্তার জন্য যা একটি বড় হুমকি।
পাকিস্তান-অধিকৃত কাশ্মীরকে মুক্ত করা, সন্ত্রাসী নেটওয়ার্ক ধ্বংস করা এবং অঞ্চলটিকে ভারতের আওতাভুক্ত করার ক্ষেত্রে নৈতিক, আইনি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো উল্লেখ করা হয়েছে প্রধানমন্ত্রী মোদীকে লেখা চিঠিতে। চিঠিতে বলা হয়েছে, ‘আমরা বিশ্বাস করি, আপনার শক্তিশালী ও দূরদর্শী নেতৃত্বে ভারত সরকারের জন্য এই লক্ষ্যগুলো অর্জনের জন্য সামরিক অভিযান-সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য উপযুক্ত বর্তমান সময়টি।’
