ওঙ্কার ডেস্ক: মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান দলের প্রাক্তন অধিনায়ক সানা মিরের একটি মন্তব্যকে কেন্দ্র করে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচের সময় তিনি বাংলাদেশি ক্রিকেটার নাতালিয়া পারভেজের সামনে আজাদ কাশ্মীরের প্রসঙ্গ টেনে আনেন। এই মন্তব্য শোনার পর ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। কারণ ‘আজাদ কাশ্মীর’ শব্দটি ভারত-পাকিস্তান সম্পর্কের একটি সংবেদনশীল রাজনৈতিক বিষয়।
বক্তব্যটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নেটিজেনরা সানা মিরকে লক্ষ্য করে তীব্র সমালোচনা শুরু করেন। অনেকেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং এমনও বলা হয়, তাকে তার পদ থেকে সরানোর দাবিও তোলেন।
এই বিতর্কের পর সানা মির সামাজিক মাধ্যমে একটি ব্যাখ্যা দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, তার উদ্দেশ্য কখনোই রাজনৈতিক ছিল না। তিনি কেবল নাতালিয়ার ক্রিকেট জীবনের সংগ্রামী যাত্রা তুলে ধরার চেষ্টা করেছেন। তিনি বলেন, “দুঃখজনক যে বিষয়টি নিয়ে এত আলোচনা হচ্ছে। একজন ক্রিকেটারের কোথা থেকে উঠে আসা, সেটাই বোঝাতে চেয়েছিলাম।”
তবে এই ব্যাখ্যা সত্ত্বেও বিতর্ক থামেনি। বিশেষত, বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের মুখোমুখি ম্যাচকে সামনে রেখে এই পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, খেলায় রাজনীতি থেকে দূরে থাকা এবং খেলোয়াড়দের ব্যক্তিগত সংগ্রাম তুলে ধরা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
