ওঙ্কার ডেস্কঃ ফরাক্কা, চাকুলিয়ার পর এবার সন্দেশখালি। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্ব চলাকালীন উত্তাল হল সন্দেশখালি। মঙ্গলবার উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালি ১-এর বিডিও অফিস ভাঙচুরের ঘটনা ঘটল। বিক্ষোভকারীদের অভিযোগ, শুনানিতে হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। কোনও রকম সহায়তা মিলছে না। এই অভিযোগকে কেন্দ্র করে প্রথমে মানুষের সঙ্গে বচসা বাধে বিডিও অফিসের কর্মীদের সঙ্গে। এর পরে বিক্ষোভকারীরা বিডিও অফিস ভাঙচুর করে বলে অভিযোগ। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় ন্যাজাট থানার পুলিশ।
মঙ্গলবার শুনানির জন্য আসা কয়েকজন দাবি করেন, তাঁদের ইচ্ছাকৃত ভাবে ডাকা হয়েছে। কোনও কাজ নয়, মূলত উদ্দেশ্য হেনস্থা করার উদ্দেশ্যে তাদের ডাকা হয়েছে শুনানিতে। বিডিও সায়ন্তন সেন জানিয়েছেন, তাঁরা মানুষের স্বার্থেই কাজ করছেন। কিন্তু তা সত্ত্বেও মানুষ ভুল বুঝছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ায় বিডিও অফিসে ভাঙচুর এবং হামলার ঘটনায় কড়া পদক্ষেপ করেছিল কমিশন। জেলাশাসককে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।
