ওঙ্কার ডেস্ক: পুরনো দিল্লির চাওড়ি বাজার এলাকায় ভেঙে পড়ল নির্মীয়মাণ একটি তিন তলা বাড়ি। বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ধ্বংসস্তূপের নীচে বেশ কয়েক জন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ চাওড়ি বাজার মেট্রো স্টেশনের কাছে গলি সিতারায় ঘটনাটি ঘটে।
বিপর্যয়ের খবর পেয়েই উদ্ধারকাজে নামে দমকল বাহিনী। ঘটনাস্থলে পাঠানো হয়েছে অন্তত ছয়টি দমকলের ইঞ্জিন। রয়েছে জলের ট্যাঙ্কার এবং উদ্ধারকারী গাড়ি। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া ব্যক্তিদের খোঁজ চালানো হচ্ছে। উল্লেখ্য, সম্প্রতি উত্তর-পূর্ব দিল্লিতে একটি বাড়ির দু’টি ছাদ ভেঙে প্রাণ হারান দুই ব্যক্তি। মিলন গার্ডেন এলাকায় পুরনো বাড়ির উপরে নতুন তলা নির্মাণের কাজ চলছিল। সেই সময় পুরনো বাড়ির ছাদের একটি অংশ ভেঙে পড়ে। তার ধাক্কায় উপরের ছাদটিও ধসে যায়। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন চন্দরপাল (৬০) এবং বিজয় কুমার (৩৩)। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দু’জনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
চাওড়ি বাজারের দুর্ঘটনা নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত এবং দিল্লি পুরনিগমকে নিশানা করেছেন আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ। দক্ষিণ দিল্লির সত্য নিকেতনে একটি ছেলেদের পেইং গেস্ট (পিজি) আবাসন ৬ সেপ্টেম্বর ভেঙে পড়েছিল। সেই ঘটনার পর দিল্লি পুরনিগম বিভিন্ন বাড়ির নিরাপত্তা যাচাইয়ে একাধিক অডিট করেছিল। সেই পরিদর্শনের কার্যকারিতা নিয়েই প্রশ্ন তুলেছেন ভরদ্বাজ। তাঁর বক্তব্য, দিল্লি সরকার এবং পুরনিগম একাধিকবার নিরাপত্তা পরীক্ষা চালানোর পরেও কেন একের পর এক বাড়ি ভেঙে পড়ছে?