ওঙ্কার ডেস্ক: গত শনিবার কলকাতার সল্টলেক স্টেডিয়ামে মেসিকে ঘিরে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল তার জন্য মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেফতার করেছে পুলিশ। শতদ্রুর এই গ্রেফতার হিমশৈলের চূড়া বলে মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। পাশাপাশি এই ঘটনা সিস্টেমের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন তিনি।
সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন, ‘সেদিন যুবভারতীতে যা ঘটেছে, তা উচিত ছিল না। ফুটবলপ্রেমীদের আবেগ এর সঙ্গে জড়িয়ে। আশ্চর্যের বিষয়, এত বড় অনুষ্ঠানের জন্য কোনও নির্দিষ্ট নিয়ম ছিল না। এটা কেবল ম্যানেজমেন্ট ফেলিওর নয়, সম্পূর্ণ সিস্টেম ফেলিওর।’ রাজ্যের সাংবিধানিক প্রধান আরও বলেন, সেদিন টিকিট কেটে যাঁরা মেসিকে দেখতে এসেছিলেন, সেই সমস্ত দর্শকদের টিকিটের সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া উচিত। শতদ্রুর গ্রেফতারের পাশাপাশি আরও যাঁরা এই ঘটনার সঙ্গে যুক্ত তাঁদের সকলকে গ্রেফতার করতে হবে বলে মন্তব্য করেন সিভি আনন্দ বোস। রাজ্যপাল বলেন, ‘স্টেডিয়াম জনগণের সম্পত্তি। যাঁরা দায়িত্বে ছিলেন, তাঁরা ব্যর্থ হয়েছেন। সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত।’ এর আগেও রাজ্যপাল মূল উদ্যোক্তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন।
প্রসঙ্গত, শনিবার কলকাতার যুবভারতী স্টেডিয়ামে বহু মানুষ জড়ো হয়েছিলেন মেসিকে দেখার জন্য। কিন্তু ফুটবলের কিংবদন্তিকে মাঠের মধ্যে ঘিরে ধরেন নেতা মন্ত্রীরা। ঠেলাঠেলিতে বিরক্ত মেসি ২২ মিনিট পর বেরিয়ে যান। গ্যালারিতে বসে থাকা দর্শকরা আর্জেন্টিনার তারকাকে স্পষ্ট ভাবে দেখতে পাননি। সে কারণে মুহূর্তের মধ্যে উন্মাদনা পরিণত হয় ক্ষোভে। মাঠের মধ্যে জলের বোতল ও চেয়ার ছুঁড়তে শুরু করেন দর্শকদের একাংশ। প্রসঙ্গত, এই ঘটনায় সেদিনই দুঃখপ্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে একটি তদন্ত কমিটিও গঠনের নির্দেশ দেন তিনি।
