Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • প্রয়াত ঝাড়খন্ডের ‘দিশম গুরু’, ঝাড়খন্ডের রাজনীতিতে বিতর্কিত নেতা শিবু সোরেনের উত্থান, সংগ্রাম ও মামলার পেছনের ইতিহাস

প্রয়াত ঝাড়খন্ডের ‘দিশম গুরু’, ঝাড়খন্ডের রাজনীতিতে বিতর্কিত নেতা শিবু সোরেনের উত্থান, সংগ্রাম ও মামলার পেছনের ইতিহাস

Online Desk আগস্ট 4, 2025
SHIBU.png

ওঙ্কার ডেস্ক: রাজ্যসভার সাংসদ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার অন্যতম প্রতিষ্ঠাতা শিবু সোরেন প্রয়াত। তাঁর বয়স হয়েছিল ৮১। পরিবার সুত্রে খবর, তিনি এক মাসেরও বেশি সময় ধরে দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং গত কয়েকদিন ধরে তাঁর অবস্থা আশঙ্কাজনক ছিল। সোরেনের ছেলে এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তাঁর বাবার মৃত্যুর কথা বলতে গিয়ে জানিয়েছেন, প্রিয় দিশোম গুরুজি আমাদের ছেড়ে চলে গেছেন। আজ আমি সবকিছু হারিয়েছি। ঝাড়খণ্ডের মন্ত্রী ইরফান আনসারি বলেছেন, “এই ক্ষতি ঝাড়খণ্ডের জন্য অনেক বড়। তিনি আমাদের ঝাড়খণ্ড দিয়েছেন, এবং তাঁর কারণেই আমরা বেঁচে গেছি।” বিভিন্ন বিরোধী দলের নেতারা হাসপাতালে সোরেন পরিবারের সাথে দেখা করে তাদের সমর্থন জানিয়েছেন। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ।
শিবু সোরেন অনুগামীদের কাছে ‘গুরুজি’ নামে পরিচিত ছিলেন। সোরেন ছিলেন একজন বিশিষ্ট আদিবাসী নেতা যিনি পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। এদেশে স্বাধীনতোত্তর আদিবাসী আন্দোলনের অন্যতম পথিকৃৎ ছিলেন তিনি। জন্ম ১১ জানুয়ারি, ১৯৪৪ সালে। মাত্র ১৮ বছর বয়সে আদিবাসীদের অধিকার নিয়ে লড়াই ও পৃথক রাজ্যের দাবিতে তির-ধনুক হাতে নেমে পড়েন খনিজ সম্পদে ভরপুর ঝাড়খণ্ড এলাকায়। সঙ্গী ছিলেন মাত্র দুজন। একজন হলেন বাঙালি মার্কসবাদী শ্রমিক সংগঠনের নেতা এ কে রায় এবং অন্যজন কুর্মি-মাহাত নেতা বিনোদবিহারী মাহাত। ১৯৭২ সালে তাঁরা গঠন করেন নবযুবক সঙ্ঘ যা পরে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নামে আত্মপ্রকাশ করে। সোরেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ ঝাড়খণ্ডের সাধারণ মানুষ।

দিশম গুরু শিবু সোরেন, এক বিপ্লবী আদিবাসী নেতা, যাঁর জীবন কাহিনি শুরু হয় রাজনৈতিক বিতর্ক দিয়ে। তাঁর জন্ম হয় পূর্বতন বিহারের রামগড় জেলার নেমরা গ্রামে, সাঁওতাল উপজাতির অন্তর্ভুক্ত এক পরিবারে। ছোটবেলায় স্কুলে পড়ার সময়ই মহাজন গুন্ডারা খুন করে তাঁর বাবাকে। সেই ঘটনার পর ১৮ বছর বয়সে তিনি গঠন করেন ‘সাঁওতাল নবযুবক সংঘ’। জমিদার ও মহাজনদের বিরুদ্ধে আদিবাসীদের সংগঠিত করতে শুরু করেন আন্দোলন। আদিবাসী, কুর্মি-মাহাতোদের জমি পুনরুদ্ধারের জন্য তিনি গড়ে তোলেন সালিশিসভা বা খাপ পঞ্চায়েত এবং কখনও কখনও পরিচালনা করেন নিজস্ব আদালতও। সাঁওতালি ভাষায় তাঁর আন্দোলনের স্লোগান ছিল ‘লাঙল যার, ফসল তার’ এই আন্দোলন তৎকালীন শাসকশ্রেণির চোখে পড়ে। ১৯৭৫ সালের ২৩ জানুয়ারি ‘বহিরাগত’ বা অ-উপজাতীয়দের তাড়ানোর অভিযানে উস্কানি দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সেই অভিযানে অন্তত ১১ জন নিহত হন বলে অভিযোগ, যার মধ্যে ৯ জনই ছিলেন মুসলিম। তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয় এবং মামলাটি দীর্ঘ সময় ধরে চলে। শেষমেশ ২০০৮ সালের ৬ মার্চ আদালত তাঁকে বেকসুর খালাস দেয়।

শিবু সোরেনের রাজনৈতিক কেরিয়ার শুরু হয় ১৯৭৭ সালে লোকসভা নির্বাচনে পরাজয়ের মধ্য দিয়ে। কিন্তু ১৯৮০ সালে দুমকা থেকে প্রথমবার লোকসভায় নির্বাচিত হন। এরপর ১৯৮৯, ১৯৯১, ১৯৯৬ এবং ২০০৪ সালেও লোকসভায় নির্বাচিত হন। ২০০২ সালে রাজ্যসভার সদস্য নির্বাচিত হলেও পরবর্তীকালে উপনির্বাচনে দুমকা থেকে জিতে রাজ্যসভার আসন ত্যাগ করেন। মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন সরকারে কেন্দ্রীয় কয়লা মন্ত্রী নিযুক্ত হন। কিন্তু চিরুডিহ হত্যাকাণ্ডে তাঁর নাম জড়িয়ে পড়ায় তাঁকে পদত্যাগ করতে হয়। সেই সময় তিনি আত্মগোপনও করেন এবং পরে বিচারবিভাগীয় হেফাজতে থাকেন। জামিনে মুক্তি পাওয়ার পর আবারও কেন্দ্রীয় মন্ত্রিসভায় ফিরে আসেন কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে। ২০০৫ সালে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও রাজনৈতিক দর কষাকষির মাধ্যমে তিনি মুখ্যমন্ত্রী নিযুক্ত হন। তবে বিধানসভায় আস্থা ভোটে হেরে মাত্র ৯ দিনের মাথায় তাঁকে ইস্তফা দিতে হয়।

২০০৬ সালে আবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে আসেন শশীনাথ ঝা হত্যাকাণ্ডে। অভিযোগ, ঝা ছিলেন তাঁর প্রাক্তন ব্যক্তিগত সচিব এবং ১৯৯৪ সালের ২২ মে দিল্লির ধৌলাকুয়াঁ এলাকা থেকে তাঁকে অপহরণ করে হত্যা করা হয় রাঁচির কাছে। সিবিআই-এর চার্জশিটে বলা হয়, ১৯৯৩ সালে পি ভি নরসিমা রাও সরকারের অনাস্থা প্রস্তাবের সময় কংগ্রেস ও জেএমএমের মধ্যে কথিত গোপন সমঝোতার বিষয়ে ঝা জানতেন। তিনি সেই বিষয়ে তথ্য ফাঁস করতে পারেন এই আশঙ্কায় তাঁকে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। এই মামলায় আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে এবং ২০০৬ সালের ৫ ডিসেম্বর তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এদিকে ২০০৭ সালের ২৫ জুন তাঁকে দুমকার জেলে নিয়ে যাওয়ার সময় তাঁর গাড়ির ওপর বোমা হামলা হয়, যেখানে ক্ষয় ক্ষতির খবর ছিল না। একই বছর ২৩ আগস্ট দিল্লি হাইকোর্ট নিম্ন আদালতের রায় বাতিল করে তাঁকে খালাস দেয়
শিবু সোরেনের রাজনৈতিক জীবনের পতন শুরু হয় ২০১৯ সালের লোকসভা নির্বাচনে, যখন তিনি দুমকা আসনে বিজেপির সুনীল সোরেনের কাছে পরাজিত হন। একদিকে আদিবাসী অধিকার রক্ষার মুখ, অন্যদিকে একাধিক গুরুতর মামলায় অভিযুক্ত শিবু সোরেনের জীবন ও রাজনীতি একেবারে দোদুল্যমান। ইতিহাসের বিচারে তিনি একজন আদিবাসী বীর না কি বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্ব এই প্রশ্ন হয়তো এখনও চূড়ান্ত জবাব পায়নি।

Post Views: 216

Continue Reading

Previous: রাশিয়ার থেকে তেল কেনায় ভারতকে তীব্র ভর্ৎসনা ট্রাম্প শিবিরের, ‘যুদ্ধকে অর্থ জোগাচ্ছে নয়াদিল্লি’
Next: ‘বাংলা ভাষা নয়, এটা বাংলাদেশি ভাষা’ দিল্লি পুলিশের সরকারি চিঠিতে চাঞ্চল্য, তীব্র প্রতিক্রিয়া তৃণমূলের

সম্পর্কিত গল্প

voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
baby-deadbody.png

ফোন ফ্যাক্টরিতে সন্তান প্রসব! লোক্লজ্জার ভয়ে নিজের হাতে গলা কেটে খুন সদ্যজাতকে

Online Desk এপ্রিল 23, 2026
randhir-jaisawal.png

ট্রাম্পের ‘হেলহোল’ মন্তব্যের প্রতিক্রিয়া বিদেশ মন্ত্রকের

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.