অর্পিতা মুখার্জী: একের পর এক ঘূর্ণিঝড়ের প্রভাবে এবার আবহাওয়া বদলাতে কিছুটা দেরি হলেও নভেম্বরের শুরুতেই শীতের আগমনী বার্তা নিয়ে হাজির হল প্রকৃতি। মঙ্গলবার সকাল থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকে গেল গোটা শিলিগুড়ি শহর ও শহর সংলগ্ন বিস্তীর্ণ এলাকা, যার জেরে সকালের দিকে শহরের বিভিন্ন রাস্তায় দৃশ্যমানতা এক ধাক্কায় অনেকটাই কমে যায় এবং ব্যাহত হয় স্বাভাবিক যান চলাচল।
ঘন কুয়াশার কারণে এদিন সকাল থেকে শহরের রাস্তায় সমস্ত যানবাহনকে অত্যন্ত ধীর গতিতে চলাচল করতে দেখা যায়, বিশেষ করে দু-চাকার যান, ছোট গাড়ি এবং যাত্রীবাহী গাড়িগুলিকে হেডলাইট জ্বালিয়ে সতর্কতার সঙ্গে চলতে দেখা যায়, যেন কুয়াশার দাপটে গাড়ির গতিতে লাগাম পড়েছে। শহরের পাশাপাশি শিলিগুড়ি সংলগ্ন বিভিন্ন এলাকাতেও একই ছবি ধরা পড়ে, ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশার ঘনত্ব বেশি থাকায় কর্মস্থলে বের হওয়া সাধারণ মানুষকে যথেষ্ট সমস্যার মুখে পড়তে হয়।
আবহাওয়ার এই আকস্মিক পরিবর্তন দেখে অনেকেই মনে করছেন, নভেম্বরের শুরুতে কুয়াশার এই ঘন চাদর ইঙ্গিত দিচ্ছে যে এবার ধীরে ধীরে উত্তরবঙ্গে শীতের আমেজ বাড়তে চলেছে এবং আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।