ওঙ্কার ডেস্ক: সমাজ মাধ্যমে বিভিন্ন সময়ে ট্রেন্ড তৈরি হয়। অনেকে সেই ট্রেন্ডে গা ভাসান। এমনই এক সমাজ মাধ্যম ট্রেন্ডে অংশ নিতে গিয়ে মৃত্যু হল এক কিশোরের। ওই কিশোর তিন প্যাকেট কাঁচা নুডলস খেয়েছিল। আর যার ফলে মর্মান্তিক মৃত্যু হল তার। ঘটনাটি ঘটেছে মিশরের কায়রোতে।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, গত ২৫ আগস্ট মিশরের কায়রোর এল-মার্গ এলাকায় ঘটনাটি ঘটেছে। সমাজ মাধ্যমে ‘ইট র্যা মেন’ নামের একটি চ্যালেঞ্জ জনপ্রিয় হয়ে উঠেছে, সেই চ্যালেঞ্জে অংশ নিতে গিয়ে এক সঙ্গে তিন প্যাকেট কাঁচা নুডলস খেয়েছিল ওই কিশোর। কিন্তু মাত্র আধ ঘণ্টার মধ্যে তার শরীর অসুস্থ হতে শুরু করে। পেট ব্যথা, বমি, ঘাম আর অসহ্য যন্ত্রণা শুরু হয়। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়। তবে প্রথমে এই ঘটনায় মনে করা হয়েছিল বিষাক্ত কোনও কিছুর কারণে ওই কিশোরের মৃত্যু হয়েছে। কিন্তু পুলিশ ঘটনার তদন্ত শুরু করে জানতে পারে, কোনও বিষক্রিয়ার ফলে মৃত্যু ঘটেনি। ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, অত্যধিক কাঁচা নুডলস খাওয়ার ফলে ওই কিশোরের অন্ত্রে জটিলতা দেখা দেয়। মারাত্মক ব্লকেজ তৈরি হয়।
উল্লেখ্য, সমাজ মাধ্যমে ‘ইট র্যা মেন’ নামের চ্যালেঞ্জটি ভাইরাল হয়েছে। এই চ্যালেঞ্জে অংশ নিয়ে টিকটক ও ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করছে কিশোর কিশোরীরা। যেগুলির লক্ষ লক্ষ ভিউ হচ্ছে। তবে বিশেষজ্ঞদের মতে, এ ভাবে শুকনো নুডলস খাওয়া স্বাস্থ্যের জন্য একেবারেই ভাল নয়। এর আগে টিকটকের ‘ব্ল্যাকআউট চ্যালেঞ্জ’, ‘টাইড পড চ্যালেঞ্জ’ বা ‘বেনাড্রিল চ্যালেঞ্জ’-ট্রেন্ডে গা ভাসিয়ে প্রাণ গেছে অনেকের।
