গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা : শিশু শিক্ষা কেন্দ্র থেকে প্রকাশ্যে চাল চুরি করে বিক্রয় হচ্ছে। এমনই অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের ভাজনা শেখপাড়া এসএসকে স্কুলের শিক্ষিকার বিরুদ্ধে। এই স্কুলের শিক্ষিকার বিরুদ্ধে এলাকাবাসী ঢোলাহাট থানা এবং পাথরপ্রতিমা ভিডিওর কাছে অভিযোগ দায়ের করেছেন বলে খবর। এই ঘটনাকে কেন্দ্র করে স্কুলের শিক্ষিকাকে ঘিরে এলাকায় বিক্ষোভ দেখা দিয়েছে।
উল্লেখ্য, দক্ষিণ গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের শেখ পাড়ায় রয়েছে একটি এস এস কে শিশুশিক্ষা কেন্দ্র। সেই স্কুলে ৭০ জন ছাত্র-ছাত্রী আছে বলে জানা গেছে। স্থানীয় পঞ্চায়েত সদস্য অভিযোগ করে জানিয়েছেন ৭০ জন ছাত্র-ছাত্রী থাকলে স্কুলে আসে ৩০ থেকে ৩৫ জন। তা সত্ত্বেও খাওয়ার হিসাব দেখানো হয় ৭০ জন ছাত্র-ছাত্রীর। স্কুলের শিক্ষিকার বিরুদ্ধে তিন পেটি চাল চুরি করে বিক্রয় করার অভিযোগ তলে গ্রামবাসীরা। ওই শিক্ষিকার শাস্তির দাবিতে গ্রামবাসীরা বিক্ষোভ দেখায় গোটা গ্রাম জুড়ে।
অন্যদিকে ছুরির অপবাদ অস্বীকার করে শিক্ষিকা মন্ডল জানিয়েছেন তিনি এলাকার মানুষের সঙ্গে আলোচনা করার পরেই দেড় হাজার টাকার বিনিময়ে প্রকাশ্য দিবালোকে চাল বিক্রি করেছেন। যদিও এ বিষয়ে এলাকাবাসী ও স্থানীয় পঞ্চায়েত সদস্যরা দাবি জানিয়েছেন তারা এই সমস্ত ব্যাপারে কিছুই জানতেন না। বর্তমানে এলাকাবাসী সকলেই ওই শিক্ষিকার শাস্তির দাবি জানিয়েছেন।
