স্পোর্টস ডেস্ক : ৭ মাস খেলার বাইরে থাকার পর, ভারতীয় ক্রিকেটের দুই হেভিওয়েট সুপারস্টার রোহিত শর্মা, বিরাট কোহলি অস্ট্রেলিয়ার পারথে ওয়ানডে সিরিজে মাঠে নেমে বিশেষ কিছু করতে পারলেন না। রো-কো জুটির বিরতির পর কামব্যাক কার্যত ফ্লপ। তাঁদের প্রত্যাবর্তন ঘিরে চলছিল নানা জল্পনা। প্রশ্ন ছিল, তাঁরা কি এখনও আন্তর্জাতিক ক্রিকেটের মানের সঙ্গে তাল মেলাতে পারবেন ? ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত খেলার জন্য তাঁরা কি সত্যিই প্রস্তুত ? পারথে তাঁদের ইনিংসে সেই সব প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। রোহিত শর্মা শুরু থেকেই দ্রুত রান তোলার চেষ্টা করেছিলেন। কিন্তু জশ হ্যাজলউডের সামনে তিনি সফল হননি। হ্যাজলউড তাঁকে দু’বার অতিরিক্ত বাউন্স দিয়ে পরাস্ত করার পর তৃতীয় বলে রোহিতের ব্যাটের কানায় লেগে ক্যাচ হয়। তিনি ১৪ বলে মাত্র ৮ রান করে আউট হন। ধারালো সিম মুভমেন্ট এবং নির্ভুল বোলিংয়ে তাঁর ইনিংস দ্রুত থমকে যায়। বিরাট কোহলির কামব্যাক ম্যাচে অস্ট্রেলীয় দর্শকের সামনে আধিপত্য বিস্তারের সুযোগ ছিল। অতীতে তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে মনে রাখার মতো অজস্র ইনিংস খেলে গিয়েছেন। তবে এদিন অফ স্টাম্পের বাইরে তাঁর একটি আক্রমণাত্মক শট ভুল হয়ে যায়। বল ব্যাটের কানায় গেলে সোজা ব্যাকওয়ার্ড পয়েন্টে চলে যায়। কোহলি ৭ বল খেলে শূন্য রানে আউট হন। অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডেতে এটিই তাঁর প্রথম ‘ডাক’।
