ওঙ্কার ডেস্ক: মহিলা ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ঘিরে দেশজুড়ে উত্তেজনা তুঙ্গে। কিন্তু এই আনন্দের আবহেই ভক্তদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে টিকিট বিক্রি ঘিরে। নাভি মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা ফাইনালের টিকিটের দাম কার্যত আকাশছোঁয়া। শুরুতে সাধারণ আসনের টিকিটের দাম ছিল মাত্র ১০০ থেকে ১৫০ টাকা। কিন্তু ম্যাচ যতই কাছে এগিয়ে এসেছে, ততই কালোবাজারে সেই একই টিকিট বিক্রি হচ্ছে লাখ টাকায়। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে, একটি সাধারণ আসনের টিকিটের দাম ১ লাখ ৩০ হাজার টাকা থেকে ১ লাখ ৭৭ হাজার টাকার মধ্যেও পৌঁছে গিয়েছে।
টিকিট বিক্রির প্রথম দিনেই অনলাইন ওয়েবসাইটে সব টিকিট বিক্রি হয়ে যায় কয়েক মিনিটের মধ্যেই। অনেকেই অভিযোগ তুলেছেন, টিকিট বিক্রির সময়সীমা ও পরিমাণ নিয়ে কোনও স্পষ্ট ঘোষণা করেনি বোর্ড। অনেকে সকাল থেকে দীর্ঘ কয়েক ঘণ্টার বেশি লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট পাননি। এর পরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক ক্ষোভ প্রকাশ। ক্রিকেটপ্রেমীরা সরাসরি দায়ী করছেন বিসিসিআই-কে, তাঁদের মতে, সাধারণ দর্শকদের সঙ্গে অন্যায় করা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় নানা হ্যাশট্যাগে ভরে গিয়েছে প্রতিবাদের ঝড়। কেউ লিখছেন, “এটা শুধু টিকিটের দাম বাড়া নয়, এটা এক প্রকার ডাকাতি।”
বিসিসিআই-এর পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে বোর্ড সূত্রের খবর, সমস্ত টিকিট বিক্রি করা হয়েছিল অনলাইন মাধ্যমেই এবং অতিরিক্ত চাহিদার কারণেই সাইটেও তাই দেখানো হয়। যদিও এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন সমর্থকরা।
