স্পোর্টস ডেস্ক : গত ইস্টবেঙ্গল ম্যাচে বাংলা ভাষার উপর আক্রমণের প্রতিবাদ করেন লাল হলুদ সমর্থকরা। এবারে শনিবার মোহনবাগান বনাম ডায়মন্ড হারবার এফসি ম্যাচে বাংলা ভাষার উপর আক্রমণের প্রতিবাদ বাগান সমর্থকদের। এদিন তাঁদের টিফোতে লেখা ছিল বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা–সত্য হউক, সত্য হউক, সত্য হউক হে ভগবান। এছাড়াও একটি ছোট টিফোতে লেখা রয়েছে “বাংলা আমার মায়ের ভাষা আমার ধাত্রীভূমি আমরা মোহনবাগানী।” পাশাপাশি সকলের নজর কাড়ছিল একটি ব্যানার। যেখানে লেখা ছিল “জন গন মন বন্দেমাতরম। বাংলা ভাষা মায়ের সমান।” পাশাপাশি আরেকটি ব্যানারে লেখা ছিল “শহীদের রক্ত। কবির নোবেল। ভারতের মুকুটে বাংলা জুয়েল।” ম্যাচের পরে মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত বললেন,খেলাধুলো তো সমাজের বাইরে নয়। সেই প্রতিবাদ করলো আমাদের সমর্থকরা।’ বাগান সচিব সৃঞ্জয় বসু বললেন, বাংলা ভাষার উপর আক্রমণ। সেখানে যদি চুপ করে বসে থাকা হয় এর থেকে লজ্জার কিছু নেই।’ এদিন ডায়মন্ড হারবার এফসি ৫-১ গোলে হারিয়ে ডুরান্ড কাপের শেষ আটে গেলো মোহনবাগান।
