ওঙ্কার ডেস্ক: চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। কিন্তু শেষ মুহূর্তে ভোল বদল করল ইসলামাবাদ। ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে ক্রিকেট টিমকে অনুমতি দিয়েছেন শাহবাজ শরিফ। সোমবার রাতে এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, পাকিস্তান সরকার তাদের ক্রিকেট টিমকে আগামী ১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে মাঠে নামার অনুমতি দিয়েছে। ফলে মূল সূচি অনুসারে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
বিবৃতিতে পাকিস্তান সরকারের তরফে বলা হয়েছে, ‘বহুপাক্ষিক আলোচনার প্রেক্ষিতে এবং বন্ধু দেশগুলির অনুরোধে পাকিস্তান সরকার জাতীয় ক্রিকেট দলকে ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য মাঠে নামার নির্দেশ দিচ্ছে।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ক্রিকেটের চেতনা রক্ষা করা এবং অংশগ্রহণকারী সমস্ত দেশে এই বৈশ্বিক খেলার ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
উল্লেখ্য, বিশ্বকাপে পাকিস্তান যাতে ভারতের বিরুদ্ধে খেলে তার জন্য বাংলাদেশের তরফে ইসলামাবাদকে আর্জি জানানো হয়েছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান আমিনুল ইসলাম পাকিস্তানকে মাঠে নামার আবেদন জানিয়ে একটি বিবৃতি দিয়েছিলেন। বিসিবি প্রধান বিবৃতিতে বলেন, ‘পাকিস্তানকে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা খেলার অনুরোধ করছি আমরা।’ আরও বলা হয়, ‘এই সময়ের মধ্যে বাংলাদেশকে সমর্থন করায় পাকিস্তানের চেষ্টায় আমরা অনুপ্রাণিত। আমাদের ভ্রাতৃত্ব দীর্ঘজীবী হোক।’ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও প্রকাশ্যে বলেছিলেন, তাঁরা ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করবে। কিন্তু সেই অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গেল তারা। পাকিস্তানের এই সিদ্ধান্তে খুশি ক্রিকেট প্রেমীরা।
