স্পোর্টস রিপোর্টার : এবারে এসআইআর শুনানিতে ডাকা হল মোহনবাগান রত্ন তথা ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বসুকে আর তার পরিবারকে। আগামী ১৯ জানুয়ারি তার পরিবারকে ডাকা হয়েছে। তার পুত্র মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু। মোহনবাগান ক্লাবকে অনেক বছর নিজের অর্থ দিয়ে সাহায্য করেন টুটু। এছাড়া একজন সফল ব্যবসায়ী হিসাবে পরিচিত। টুটু বছরের অর্ধেক সময় থাকেন দুবাইতে।
এদিন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ”বাংলার একাধিক বিশিষ্টকে এসআইআর নিয়ে শুনানিতে তলবের পর এবার মোহনবাগান ও ফুটবলের অন্যতম প্রাণপুরুষ, প্রাক্তন সাংসদ, সফল বাঙালি উদ্যোগপতি টুটু বোসকে (স্বপনসাধন) সপরিবার নোটিস দিয়ে ডাকল নির্বাচন কমিশন। টুটুবাবু অসুস্থ। হুইল চেয়ার ছাড়া গতিবিধি অসম্ভব। ১৯ জানুযারি তাঁদের ডাকা হয়েছে। টুটু বোসকে এখন প্রমাণ দিতে হবে তিনি বাংলার নাগরিক। নির্বাচন কমিশন ও বিজেপি বাংলা ও বাঙালি আর বঙ্গবাসীর উপর এই অত্যাচারের জবাব পাবে আসন্ন নির্বাচনে।”
টুটু বসু আর তাঁর পুত্র রাজ্যসভার প্রাক্তন সাংসদ ও। নির্বাচন কমিশন ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে যে, পড়াশোনা, চিকিৎসা বা পেশাগত কারণে রাজ্যের বাইরে থাকলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) শুনানিতে সশরীরে হাজিরা দিতে হবে না। পরিবর্তে ওই ভোটারের পরিবারের কোনও সদস্য শুনানিকেন্দ্রে নথি নিয়ে গেলেই হবে। ইতিমধ্যেই বাংলার ক্রিকেট কোচ লক্ষ্মী রতন শুক্লা, ভারতীয় ক্রিকেটার মহ সামিকেও ডাকা হয়েছে। প্রাক্তন ফুটবলাররা অনেকে ডাক পেয়েছেন। এই নিয়ে প্রাক্তন ফুটবলাররা প্রতিবাদ দেখিয়েছেন।
