ওঙ্কার ডেস্ক: আদালতের নির্দেশ অনুযায়ী ২০১৬ সালের শিক্ষক নিয়োগ প্যানেলের দাগি অযোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। বৃহস্পতিবার দুপুরে প্রকাশিত তালিকায় ১,৮০৬ জন প্রার্থীর নাম অন্তর্ভুক্ত রয়েছে। এর আগে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে অযোগ্য প্রার্থীদের একটি সংক্ষিপ্ত তালিকা পেশ করেছিল, যাতে কেবল নাম ও রোল নম্বর উল্লেখ ছিল। আদালত সেই তালিকার ভিত্তিতে নির্দেশ দিয়েছিল যে, এই প্রার্থীরা ভবিষ্যতে কোনো শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারবেন না।
২০১৬ সালের একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের পর দেখা যায়, অনেক ‘অযোগ্য’ প্রার্থীর নাম পরীক্ষার্থী তালিকায় এবং ইন্টারভিউ তালিকায়ও রয়েছে। বিষয়টি নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করা হয়। মামলার পর বিচারপতি অমৃতা সিংহ নির্দেশ দেন যে, শুধুমাত্র নাম নয়, এই প্রার্থীদের নাম, রোল নম্বর, বিষয়, পিতার নাম, জন্মতারিখ এবং ঠিকানা-সহ পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে।
তবে নতুন তালিকায় কিছু তথ্য অন্তর্ভুক্ত করা হয়নি। ২০১৬ সাল থেকে কোন প্রার্থী কোন স্কুলে পড়াতেন বা তাঁদের বিভাগ সম্পর্কিত তথ্য তালিকায় দেখা যায়নি। এই বিষয়টি নতুন বিতর্কের জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, কেন চিহ্নিত ‘অযোগ্য’রা কোন স্কুলে কাজ করেছেন, তা প্রকাশ করা হয়নি।
যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের নেতৃবৃন্দরা জানিয়েছেন, তাঁরা প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে বিচারব্যবস্থার দ্বারস্থ হয়েছিলেন। সময় কাটছে, কিন্তু ফল কী হবে তা এখনও স্পষ্ট নন তাঁরা বরং বিভ্রান্তি বাড়নো হচ্ছে।
রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক সম্মেলনে জানান, হাই কোর্টের নির্দেশমতো এ দিনই এসএসসি চিহ্নিত ‘অযোগ্য’দের তালিকা প্রকাশ করবে। একই দিন তালিকাটি প্রকাশিত হয়।
উল্লেখযোগ্য, গত ৭ ও ১৪ সেপ্টেম্বর এসএসসি নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজন করেছিল। সুপ্রিম কোর্টের নিয়ম মেনে অগস্ট মাসের শেষের দিকে চিহ্নিত ‘অযোগ্য’দের তালিকা প্রকাশ করা হয়েছিল। তবে একাধিক প্রার্থী সেই তালিকায় থাকা সত্ত্বেও পরীক্ষায় অংশগ্রহণ করায় বিতর্ক আরও জটিল হয়ে ওঠে।
তালিকা প্রকাশের পরও প্রশ্ন রয়ে গেছে, কীভাবে ভবিষ্যতে এই প্রার্থীদের নিয়োগ প্রতিরোধ করা হবে এবং শিক্ষাক্ষেত্রে মান বজায় রাখা সম্ভব হবে কি না। এই ইস্যুতে শিক্ষামহল এবং সামাজিক সংগঠনগুলোর মধ্যে নানারকম প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
