ওঙ্কার ডেস্ক: সারদা চিট ফান্ড কাণ্ডের তিন মামলায় বেকসুর খালাস পেলেন দুই অভিযুক্ত সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায়। ২০১৩ সালে হেয়ার স্ট্রিট থানায় তিনটি এফআইআর দায়ের হয়েছিল। মঙ্গলবার সেই তিন মামলায় সুদীপ্ত এবং দেবযানীকে বেকসুর খালাস করে দেয় ব্যাঙ্কশাল আদালত।
আদালত সূত্রের খবর, সরকার পক্ষের ৫০ জন সাক্ষী তালিকাভুক্ত ছিল। কিন্তু আদালতে হাজির করানো যায়নি ১৫ জনকে। প্রতারণা কিংবা জালিয়াতির কোনও সুস্পষ্ট প্রমাণ তাঁদের বয়ানে মেলেনি। আর সে কারণে দুজনেই খালাস পান। তবে এদিন তিন মামলায় খালাস পেলেও সুদীপ্ত ও দেবযানীকে জেলে থাকতে হবে। কারণ এখনও তাঁদের নামে একাধিক মামলা রয়েছে। যেগুলিতে এখনও মুক্তি পাননি। দেবযানীর হয়ে এদিন আদালতে সওয়াল করেন আইনজীবী শুভজিৎ বল এবং অভিজিৎ বল। দেবযানীর আইনজীবী দাবি করেন, এই তিন মামলায় সাক্ষী হিসাবে নাম থাকলেও প্রায় ১৫ জনের কোনও বয়ান পাওয়া যায়নি। প্রতারিত হয়েছেন বলে অভিযোগ তুলেছিলেন যাঁরা, তাঁরাও প্রতারণা এবং বিশ্বাসভঙ্গ প্রমাণ করতে পারেননি। আর সেই কারণেই আদালত সুদীপ্ত এবং দেবযানীকে ওই তিন মামলায় বেকসুর খালাস দিয়েছে।
উল্লেখ্য, সারদা চিট ফান্ড কাণ্ডে ২০১৩ সালে সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছিল পুলিশ। সে বছর দেবযানীকে নিয়ে কাশ্মীরের সোনমার্গে পালিয়েছিলেন সুদীপ্ত। ২০১৩ সালে তাঁদেরকে গ্রেফতার করার পর থেকে দু’জনই জেলে বন্দি রয়েছেন। ১০ বছর পর ২০২৩ সালে কয়েক ঘণ্টার জন্য দেবযানী প্যারোলে মুক্তি পেয়েছিলেন।
