অর্পিতা মুখার্জী, কলকাতা: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তকে নিয়ে আপত্তিকর পোস্ট করার অভিযোগে কেরল প্রদেশ কংগ্রেসকে নোটিস দিল শীর্ষ আদালত। কেন তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে পদক্ষেপ করা হবে না, তা জানতে চেয়েছে আদালত।শুক্রবার বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে ছিল মামলার শুনানি।
গত ১২ অক্টোবর কেরল প্রদেশ কংগ্রেসের এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়। তাতে প্রধান বিচারপতির উদ্দেশে লেখা হয়, আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয় যদি তাঁর এক্তিয়ারের মধ্যে না পড়ে, তাহলে পদত্যাগ করুন। তাঁর বিকল্প খুঁজে নেওয়া হবে, যিনি এটা সামলাতে পারবেন।
এই পোস্টে আদালত অবমাননা হয়েছে বলে অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা করেন আইনজীবী বিনীত জিন্দল। তিনি শীর্ষ আদালতকে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করার আর্জি জানান।
এদিন শুনানিতে বেঞ্চের পর্যবেক্ষণ, সংবিধানের স্থান সবার উপরে। কোনও ব্যক্তি বা রাজনৈতিক দলের স্থান তার ঊর্ধ্বে নয়। আদালত আরও জানায়, আদালতের সিদ্ধান্তের সমালোচনা হতেই পারে। কিন্তু বাকস্বাধীনতাকে বিচারবিভাগের কাজে হস্তক্ষেপ করার কাজে ব্যবহার করা যায় না। আদালতের গরিমাকে ক্ষুণ্ণ করার চেষ্টা হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। বেঞ্চের মন্তব্য, আইনের শাসনই আদালতের শক্তির জায়গা। আদালতের রাজনৈতিক সমর্থনের প্রয়োজন নেই।
জানা গিয়েছে, কেরল প্রদেশ কংগ্রেস সভাপতি, সম্পাদক সহ শীর্ষস্থানীয় একাধিক পদাধিকারীর কাছে নোটিস গিয়েছে। তাঁদের জবাব দিতে হবে। শুনানিতে কেরল প্রদেশ কংগ্রেসের তরফে জানানো হয়, তাঁদের অনুমোদন ছাড়াই এক্স হ্যান্ডলে ওই পোস্টটি করা হয়েছিল। বিষয়টি নজরে আসার পরই সেটি মুছে ফেলা হয়। পোস্ট মুছে নিঃশর্ত ক্ষমাও চাওয়া হয়েছে বলে জানিয়েছে প্রদেশ নেতৃত্ব।