অর্পিতা মুখার্জী, কলকাতা: অমৃতসর থেকে নিউ জলপাইগুড়ি আসার পথে ভয়াবহ অগ্নিকাণ্ড কর্মভূমি এক্সপ্রেসে। দাউদাউ করে জ্বলে উঠল ট্রেনের অন্তত ৪টি কামরা। কালো ধোঁয়ায় ঢেকে গেল গোটা এলাকা। অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেলেন যাত্রীরা। সূত্রের খবর, শুক্রবার বেলা ১টা নাগাদ ঘটনাটি ঘটে পঞ্জাবের সরাই বাঞ্জারায় রাজপুরা স্টেশনের কাছে।
আজই অমৃতসর থেকে রওনা দিয়েছিল ১২৫০৮ কর্মভূমি এক্সপ্রেস। গন্তব্য ছিল নিউ জলপাইগুড়ি। জানা গিয়েছে, ইঞ্জিনের পর পঞ্চম কামরাটিতে প্রথম আগুন লাগে। সেখান থেকে দ্রুত আরও তিনটি কামরায় ছড়িয়ে পড়ে। তবে আগুনের কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। পটিয়ালার ডিসি হিমাংশু অগ্রবালের প্রাথমিক অনুমান, প্যান্ট্রি কার থেকে আগুন ছড়িয়েছে। পাশাপাশি শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে রেল পুলিশের এসএইচও গুরপ্রীত সিংহ জানিয়েছেন, একটি কামরার পাখায় শর্ট সার্কিটের কারণে আগুন লাগে। সেখান থেকে তা পরের কামরাগুলিতে ছড়িয়ে যায়। যদিও তদন্তের পরই আসল কারণ নিশ্চিত করে বলা যাবে।
তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। অম্বালা ডিভিশনের এক সিনিয়র রেল আধিকারিক জানিয়েছেন, কারও মৃত্যুর খবর নেই। কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। এদিন ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও রেলের আধিকারিকরা। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে অগ্নিকাণ্ডের ছবি ও ভিডিও। তাতে দেখা যাচ্ছে, ট্রেনের একাধিক কামরায় দাউদাউ করে আগুন জ্বলছে। কালো ধোঁয়ায় ছেয়ে যাচ্ছে আশপাশের এলাকা। সংবাদসংস্থা পিটিআই-ও এই ভিডিও প্রকাশ করেছে।
অন্যদিকে দগ্ধ ট্রেনটিকে আর এনজেপি আনা সম্ভব নয় বলে জানিয়েছে রেল। যাত্রীদের সেখান থেকে সরিয়ে অন্য ট্রেনে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন কর্তৃপক্ষ। তবে তাতে কিছুটা সময় লাগতে পারে। অগ্নিকাণ্ডের ফলে ওই লাইনে ট্রেন চলাচলে সমস্যা হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।