ওঙ্কার ডেস্ক: এশিয়া কাপের হাইভোল্টেজ ভারত পাকিস্তান লড়াই এবারও চরম উত্তেজনার সাক্ষী। কিন্তু মাঠের বাইরের আবেগ আরও বড় বার্তা পৌঁছে দিলেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। জন্মদিনের দিনে পাকিস্তানকে হারানোর আনন্দকে দেশের মানুষের সঙ্গে ভাগ করে নিয়ে তিনি জানালেন, এই জয় উৎসর্গ করা হচ্ছে পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলায় নিহতদের পরিবার এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রতি।
রবিবার এশিয়া কাপের গ্রুপ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নেমেছিল ভারত। প্রথম থেকেই ম্যাচ ঘিরে ছিল বিপুল আগ্রহ। তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর শেষ হাসি হেসেছিল ভারতীয় দল। তবে বিজয়ের আনন্দে গা ভাসালেও সূর্যকুমারের মুখে ছিল গম্ভীর সুর। ম্যাচ-পরবর্তী বার্তায় তিনি বলেন, “এই জয় দেশের শহিদদের উদ্দেশে। যারা প্রাণ হারালেন পহেলগাঁওতে, তাঁদের পরিবার এবং আমাদের সেনাদের সাহসকেই আমরা আজ সম্মান জানাচ্ছি।”
ম্যাচের শুরু থেকেই এক ভিন্ন ছবি নজরে আসে। টসের সময় পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে করমর্দন করতে অস্বীকার করেন সূর্যকুমার। শুধু তাই নয়, ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটাররা স্বভাবমতো প্রতিপক্ষের সঙ্গে হাত মেলাননি। পরিবর্তে সরাসরি ড্রেসিংরুমে ফিরে যান তাঁরা। ক্রিকেটের প্রচলিত নিয়ম ভেঙে নেওয়া এই পদক্ষেপে স্পষ্ট বার্তা দিয়েছে টিম ইন্ডিয়া সন্ত্রাসে ক্ষতবিক্ষত দেশের পাশে দাঁড়াতেই এই প্রতীকী প্রতিবাদ।
ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরও সমর্থন করেছেন এই অবস্থান। তিনি বলেন, “এটা শুধুমাত্র ক্রিকেট নয়। দেশের মানুষের যন্ত্রণা, সেনাদের ত্যাগ আমরা অনুভব করি। খেলোয়াড়রা একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছে শহিদ পরিবারগুলির প্রতি সংহতি জানানোর।”
ভারত পাকিস্তান ম্যাচ মানেই দ্বৈরথের উত্তাপ। কিন্তু এদিন ক্রিকেটকে ছাপিয়ে গিয়েছে দেশপ্রেমের আবেগ। জন্মদিনে অধিনায়ক হিসেবে প্রথম পাকিস্তান-বিজয়ে সূর্যকুমারের আবেগঘন বার্তা কোটি ভারতবাসীর হৃদয়ে দাগ কেটেছে।
