গলার গ্ল্যান্ড ফুলে যাওয়া একটি পরিচিত স্বাস্থ্য সমস্যা। অনেক সময় গলার দুই পাশে ছোট ছোট ফোলা অংশ বা চাকা অনুভূত হয়। সাধারণত এগুলো লিম্ফ নোড বা লসিকাগ্রন্থি। শরীরে কোনো সংক্রমণ বা প্রদাহ হলে রোগ প্রতিরোধ ক্ষমতার অংশ হিসেবে এই গ্রন্থিগুলো ফুলে যেতে পারে। তবে গলার গ্ল্যান্ড ফুলে যাওয়া সব সময় সাধারণ সমস্যা নয়, কখনো কখনো এটি গুরুতর রোগের লক্ষণও হতে পারে।
গলার গ্ল্যান্ড ফুলে যাওয়ার কারণ কী?
গলার গ্ল্যান্ড ফুলে যাওয়ার বেশ কয়েকটি কারণ রয়েছে। যেমন:
১. টনসিলের সংক্রমণ: টনসিল ফুলে গেলে গলার লিম্ফ নোডও ফুলে যেতে পারে।
২. সর্দি-কাশি ও ভাইরাসজনিত সংক্রমণ: সাধারণ ঠান্ডা, ফ্লু বা ভাইরাসের সংক্রমণের কারণে গলার গ্রন্থি বড় হতে পারে।
৩. গলার ইনফেকশন: ব্যাকটেরিয়ার সংক্রমণ হলে গলায় ব্যথা, জ্বর এবং গ্ল্যান্ড ফুলে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে।
৪. দাঁত ও মাড়ির সমস্যা: দাঁতে ইনফেকশন বা মাড়ির প্রদাহ থেকেও গলার গ্ল্যান্ড ফুলতে পারে।
৫. যক্ষ্মা বা টিবি: দীর্ঘদিন ধরে গলার গ্ল্যান্ড ফুলে থাকলে টিবিসহ কিছু দীর্ঘস্থায়ী সংক্রমণের সম্ভাবনা থাকে।
৬. অন্যান্য গুরুতর রোগ: কিছু ক্ষেত্রে লিম্ফোমা বা অন্যান্য ক্যানসারের কারণেও গলার গ্রন্থি ফুলে যেতে পারে।
গলার গ্ল্যান্ড ফুলে গেলে কী কী সমস্যা হয়?
গলার গ্ল্যান্ড ফুলে গেলে গলায় ব্যথা, স্পর্শ করলে অস্বস্তি, ঢোক গিলতে কষ্ট, জ্বর, দুর্বলতা এবং শরীর ব্যথার মতো সমস্যা হতে পারে। কখনো গলার এক পাশে বা দুই পাশে শক্ত চাকার মতো অনুভূত হয়। সংক্রমণের কারণে হলে সাধারণত মূল সংক্রমণ কমার সঙ্গে সঙ্গে গ্রন্থির ফোলাভাবও কমে আসে।
গলার গ্ল্যান্ড ফুলে যাওয়ার উপশমের উপায়
গলার গ্ল্যান্ড ফুলে গেলে কিছু সাধারণ নিয়ম মেনে চলতে পারেন।
পর্যাপ্ত বিশ্রাম নিন।
প্রতিদিন পর্যাপ্ত জল পান করুন।গলায় অস্বস্তি থাকলে কুসুম গরম জলে লবণ মিশিয়ে গার্গল করতে পারেন।
ব্যথা থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করুন।গলার ফোলা অংশে বারবার চাপ দেবেন না বা মালিশ করবেন না।
চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাবেন না।
কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি?
গলার গ্ল্যান্ড দুই সপ্তাহের বেশি ফুলে থাকলে, ক্রমশ বড় হলে, খুব শক্ত মনে হলে, জ্বর দীর্ঘদিন থাকলে, অকারণে ওজন কমলে অথবা রাতে অতিরিক্ত ঘাম হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। শ্বাস নিতে বা খাবার গিলতে খুব বেশি কষ্ট হলে জরুরি চিকিৎসা নিন।
গলার গ্ল্যান্ড ফুলে যাওয়া অনেক সময় সাধারণ ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে হয়ে থাকে। তবে দীর্ঘদিন ফোলা থাকলে অবহেলা করা উচিত নয়। সঠিক কারণ নির্ণয় করে চিকিৎসা করালে অধিকাংশ ক্ষেত্রেই এই সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই নিজের ইচ্ছামতো ওষুধ না খেয়ে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন এবং সুস্থ থাকুন।