স্পোর্টস ডেস্ক : রোহিত শর্মার ৩৩তম ওয়ানডে সেঞ্চুরি এবং বিরাট কোহলির ৭৪ রানের অপরাজিত ইনিংস অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতকে সহজ জয় এনে দিল। শনিবার সিডনিতে তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ভারত জয়লাভ করে। ২৩৭ রান তাড়া করতে নেমে ভারত ৩৮.৩ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয়। এদিকে, প্রথম দুটি ম্যাচ জিতে ইতিমধ্যেই অস্ট্রেলিয়া সিরিজ জিতে নিয়েছিল। খেলার শুরুতে হর্ষিত রানা কোচ গৌতম গম্ভীরের আস্থার মান রাখেন। ৩৯ রানে ৪ উইকেট তুলে নেন তিনি। ভারত অস্ট্রেলিয়াকে ২৩৬ রানে অলআউট করে। এক পর্যায়ে অজিরা ৩ উইকেটে ১৮৩ রানে ভালো অবস্থায় ছিল। কিন্তু পরে সম্মিলিত প্রচেষ্টা ভারতকে ম্যাচে ফেরায় বোলাররা। অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। শেষ পর্যন্ত ব্যাট হাতে ভারত ৩৮.৩ ওভারে অস্ট্রেলিয়ার রান টপকে যায়।

ওপেন করতে নেমে এ দিনও খুব একটা সুবিধে করতে পারেননি অধিনায়ক শুভমন। তবে তাঁর ২৬ বলে ২৪ রানের মধ্যে বড় ইনিংসের গোড়াপত্তনটা মোটের উপর মন্দ নয়। শুভমন আউট হওয়ার পর দায়িত্ব তুলে নেন দুই প্রাক্তন অধিনায়ক। কোহলি ব্যক্তিগত ৩৬ রানের মাথায় এক বার নাথান এলিসের বলে এলবিডব্লুউয়ের আবেদন থেকে বেঁচে যান। মাঠের আম্পায়ার আউট দেননি। ডিআরএসের আবেদন খারিজ করে দেন তৃতীয় আম্পায়ারও। এ ছাড়া প্রায় নিখুঁত ব্যাটিং করলেন দু’জনেই। যার ফল পায় ভারত। ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় টিম ইন্ডিয়া।
