ওঙ্কার ডেস্ক: লস্কর-ই-তৈবা এবং জইশ-ই-মহম্মদের মতো জঙ্গি গোষ্ঠীগুলি দীর্ঘদিন ধরে আফগানিস্তানের মাটি থেকে কাজ করে আসছে। কিন্তু গত চার বছরে তালিবানরা সে দেশে ক্ষমতা দখলের পর সমস্ত জঙ্গিকে নির্মূল করা হয়েছে, ভারত সফরে এসে এমনটাই দাবি করলেন আফগানিস্থানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। সেই সঙ্গে পাকিস্তানকে শান্তির জন্য একই পথ অনুসরণ করার পরামর্শ দিয়েছেন তিনি।
ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে শুক্রবার বৈঠক করেন মুত্তাকি। সেই বৈঠকের পর এদিন বিকেলে সাংবাদিকদের মুত্তাকি বলেন, ‘তাদের একটিও আফগানিস্তানে নেই। আফগানিস্তানে এক ইঞ্চি জমিও তাদের নিয়ন্ত্রণে নেই। আমরা যে আফগানিস্তানের বিরুদ্ধে (২০২১ সালে) অভিযান চালিয়েছিলাম, তা বদলে গেছে।’ পাকিস্তানের উদ্দেশে তিনি বলেন, ‘অন্যান্য দেশগুলিকেও এই ধরণের সন্ত্রাসী গোষ্ঠীগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যেমন আফগানিস্তান শান্তির জন্য করেছিল।’ প্রসঙ্গত, আফগানিস্তানের বিদেশমন্ত্রী মুত্তাকির এটি প্রথম ভারত সফর। আফগানিস্তানের সঙ্গে নয়াদিল্লির পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের জন্য এই সফর তাৎপর্যপূর্ণ। জয়শঙ্কর মুত্তাকির সঙ্গে বৈঠকের সময় বলেছিলেন, প্রতিবেশী দেশের অগ্রগতিতে ‘গভীর আগ্রহ’ রয়েছে।
সাংবাদিক বৈঠকে, মুত্তাকি কাবুলে সাম্প্রতিক কালে বিস্ফোরণের বিষয়েও কথা বলেন এবং পাকিস্তানকে এই ঘটনার জন্য অভিযুক্ত করেন। তিনি বলেন, ‘সীমান্তের কাছে প্রত্যন্ত অঞ্চলে হামলা হয়েছে। আমরা পাকিস্তানের এই কাজকে ভুল বলে মনে করি। এভাবে সমস্যার সমাধান করা যাবে না। আমরা আলোচনার জন্য উন্মুক্ত। তাদের নিজেদের সমস্যা নিজেদেরই সমাধান করতে হবে। ৪০ বছর পর আফগানিস্তানে শান্তি ও অগ্রগতি হয়েছে। কারও এতে সমস্যা থাকা উচিত নয়। আফগানিস্তান এখন একটি স্বাধীন জাতি। লোকজনের কেন সমস্যা যদি আমরা শান্তিতে থাকি?’
