ওঙ্কার ডেস্ক: তালিবান আফগানিস্তানে ক্ষমতায় আসার পর থেকে নারীদের উপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। যার মধ্যে পোশাক বিধি থেকে শুরু করে শিক্ষা থেকে বঞ্চনাও রয়েছে। মহিলাদের অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টার বিরুদ্ধে সে দেশের প্রগতিশীল মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। তারই অংশ হিসেবে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাতে এক গণ-বিক্ষোভে হয়। সেই বিক্ষোভে গুলি চালিয়ে দুই প্রতিবাদী মহিলাকে হত্যা করল তালিবান।
রিপোর্ট অনুসারে, সাম্প্রতি ‘অনুপযুক্ত পোশাক’ পরার অভিযোগে নারী ও কিশোরীদের ব্যাপক ধরপাকড় করা হয়েছে। বহু পরিবারের অভিযোগ, ওই নারীদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে কিছুই জানানো হয়নি।নারীদের নির্বিচারে গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার একটি বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এমনিতেই আফগানিস্তানে বিক্ষোভ খুব একটা পরিলক্ষিত হয় না। কারণ অনুমতি ছাড়া যে কোনও সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে রেখেছে তালিবান। সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুসারে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার তালিবানের কড়া নিরাপত্তা বেষ্টনী সত্ত্বেও প্রায় ৭০ জন মানুষ বিক্ষোভে অংশ নেন। তাঁরা ‘শিক্ষা, কাজ ও স্বাধীনতা’-র দাবিতে স্লোগান দেন। সেই সঙ্গে মহিলাদের গ্রেফতারের নিন্দা জানান। এক প্রত্যক্ষদর্শী বলেন, তালিবান বাহিনী বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালায় এবং সমাবেশ ছত্রভঙ্গ করতে বিশেষ ইউনিটও মোতায়েন করে। এই ঘটনায় দুজন নিহত ও তিন জন আহত হয়েছেন। এছাড়া অন্তত ১৩ জনকে মারধর করে আটক করা হয়েছে বলে অভিযোগ।
হেরাতের জিবরাইল এলাকায় সশস্ত্র তালেবান যোদ্ধারা মহিলাদের কাছ থেকে গুলি করছে এমন একাধিক ভিডিও সামনে এসেছে। গুলির শব্দের মধ্যে নারীরা তবুও স্লোগান দিচ্ছেন, সেই দৃশ্য দেখা গিয়েছে। তালিবানের এই বর্বরতার নিন্দা জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।