ওঙ্কার ডেস্ক: সন্তান পাইয়ে দেওয়ার নাম করে এক নিঃসন্তান মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল তান্ত্রিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মথুরা জেলায়। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। অভিযুক্ত তান্ত্রিকের খোঁজ চালাচ্ছে পুলিশ।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, বিয়ের আট বছর পরেও সন্তান হয়নি ওই মহিলার। আর সে কারণে সন্তান লাভের আশায় তান্ত্রিকের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু অভিযোগ, তান্ত্রিক সন্তান পাইয়ে দেওয়ার নাম করে তাঁকে ধর্ষণ করেন। অভিযোগকারী মহিলার বয়স ৩৫ বছর। মথুরার নৌঝিল থানা এলাকার বাসিন্দা তিনি। শনিবার স্থানীয় এক তান্ত্রিকের কাছে গিয়েছিলেন তিনি। অভিযোগ, তান্ত্রিক অভিযোগকারীকে আশ্বাস দিয়েছিলেন, যে কিছু রীতি নীতি অনুসরণ করলে তাঁর সন্তান হবে। এর পর তাঁকে নানান কথার প্যাঁচে ফেলে ধর্ষণ করে অভিযুক্ত।
ইতিমধ্যে গোটা বিষয়টি জানিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই মহিলা। রবিবার স্থানীয় থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন অভিযোগকারী। বিষয়টি নিয়ে পুলিশ সুপার (গ্রামীণ) সুরেশচন্দ্র রাওয়াত সংবাদ সংস্থাকে জানানা, অভিযুক্ত তান্ত্রিকের নাম মুশতাক আলি। ধর্ষণের ঘটনার পর থেকে অভিযুক্ত নিখোঁজ বলে জানিয়েছে পুলিশ। ৪৫ বছর বয়সি ওই তান্ত্রিকের খোঁজে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৩ ধারার অধীনে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে।
