ওঙ্কার ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ফের ফোনে আড়ি পাতার অভিযোগ তুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শুক্রবার ইনস্টাগ্রামের একটি অনলাইন প্রশ্নোত্তর পর্বে তিনি এই দাবি করেন। নিজের মোবাইল ফোন তুলে ধরে রাহুল বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রমাণ রয়েছে তাঁর ফোনেই। সেই প্রমাণের কথা মোদীও জানেন।রাহুলের কথায়, “প্রমাণ এই ফোনেই রয়েছে। প্রধানমন্ত্রী জানেন, কারণ তিনিই আমার ফোনে আড়ি পাতেন।” তবে এই অভিযোগের সমর্থনে শুক্রবারের আলোচনায় কোনও প্রযুক্তিগত প্রমাণ পেশ করেননি কংগ্রেস নেতা।
ইনস্টাগ্রামে আয়োজিত ‘আস্ক মি’ পর্বে সমর্থকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন রাহুল। সেখানেই ফের প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি বিতর্কে বসার দাবি জানান তিনি। একাধিক জাতীয় ইস্যুতে মুখোমুখি আলোচনার মাধ্যমে প্রকৃত সত্য সামনে আসবে বলেও দাবি করেন সনিয়াতনয়। ফোনে নজরদারির অভিযোগ অবশ্য নতুন নয়। ২০২৩ সালেও রাহুল দাবি করেছিলেন, তাঁর নিজের ফোন-সহ একাধিক রাজনৈতিক নেতার মোবাইলে পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করা হয়েছিল। এর মাধ্যমে কেন্দ্রীয় সংস্থাগুলি তাঁদের কথোপকথনে নজরদারি চালাত বলে অভিযোগ করেছিলেন তিনি। সেই সময় তাঁর দাবি ছিল, গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা তাঁকে ফোনে সতর্ক থাকতে বলেছিলেন। কারণ, তাঁর ফোনের কথাবার্তা রেকর্ড করা হচ্ছে বলে জানানো হয়েছিল। যদিও কেন্দ্রীয় সরকার সেই অভিযোগ অস্বীকার করেছিল।
শুক্রবারের বক্তব্যে ফের বিতর্কের প্রসঙ্গ টেনে আনেন রাহুল। তাঁর দাবি, একবার মুখোমুখি আলোচনা হলেই কে বিদেশি শক্তির নিয়ন্ত্রণে রয়েছেন এবং কে দেশবিরোধী, তা স্পষ্ট হয়ে যাবে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তাঁর কাছে প্রমাণ রয়েছে বলেও ফের দাবি করেন তিনি। গত ১২ দিনে এই নিয়ে সাতবার প্রকাশ্যে মোদীকে বিতর্কে বসার চ্যালেঞ্জ জানালেন কংগ্রেস নেতা। নির্বাচনী প্রক্রিয়া, বিদেশি প্রভাব এবং জাতীয় নিরাপত্তার মতো বিষয় নিয়ে প্রকাশ্য আলোচনার দাবি জানিয়ে আসছেন তিনি। অন্যদিকে, রাহুলের এই চ্যালেঞ্জ বারবার খারিজ করেছে বিজেপি। সংসদে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার ক্ষেত্রে কংগ্রেস নেতা এড়িয়ে যান বলেও পাল্টা অভিযোগ করেছেন বিজেপি নেতারা।