ওঙ্কার ডেস্ক: বিহারের বৈশালী জেলায় একই পরিবারের চার জনের বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা। তিন জনের মৃত্যু হলেও এক জনের অবস্থা সঙ্কটজনক। জীবিত কিশোরীর বয়স ১৫ বছর। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই কিশোরী। শনিবার রাতে প্রেমরাজ গ্রামে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। গোরৌল থানার অধীন এলাকায় ঘটনাটি ঘটেছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, পৈতৃক সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা।
মৃতদের নাম নির্মলা দেবী (৫৫), সীমা দেবী (৩৫) এবং মুন্না কুমার (১২)। অসুস্থ কিশোরীর নাম ঋষিকা। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে সে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরিবারটি শ্যামনন্দন সিংয়ের। তাঁর আগেই মৃত্যু হয়েছিল। তাঁর ছেলে রাহুলের বিরুদ্ধে পৈতৃক জমির একাংশ বিক্রির অভিযোগ উঠেছে। এই জমি বিক্রিকে কেন্দ্র করেই পরিবারের সদস্যদের মধ্যে মতবিরোধ তৈরি হয়। অভিযোগ, শনিবার পৈতৃক সম্পত্তির আরও একাংশ বিক্রি করেন রাহুল। বিষয়টি জানতে পারেন তাঁর স্ত্রী সীমা। এরপর রেজিস্ট্রি অফিস থেকে জমি বিক্রির নথির একটি প্রতিলিপি সংগ্রহ করেন তিনি। বাড়ি ফিরে এই লেনদেন নিয়ে রাহুলকে প্রশ্ন করেন সীমা। তা থেকেই দু’জনের মধ্যে তীব্র বচসা শুরু হয়। অভিযোগ, সেই সময় নিজের মা নির্মলা এবং স্ত্রী সীমাকে মারধর করেন রাহুল। এরপর বাড়ি ছেড়ে চলে যান তিনি।
অভিযোগ, ওই রাতেই নির্মলা ও সীমা বিষাক্ত পদার্থ খান। পরিবারের শিশুদেরও ওই পদার্থ খাওয়ানো হয়েছিল বলে খবর। এর পরেই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় ঋষিকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে গ্রামে পৌঁছয় পুলিশ। ঘটনাস্থল খতিয়ে দেখতে ডাকা হয় ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির (এফএসএল) বিশেষজ্ঞ দলকেও। তাঁরা বিভিন্ন নমুনা সংগ্রহ করেছেন। ঘটনার প্রকৃত কারণ জানতে পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। রাহুলের বিরুদ্ধে ওঠা অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।