অর্পিতা মুখার্জী, কলকাতা: পরপর দুই ঝড় সামলে ওঠার পরেও বঙ্গোপসাগর শান্ত হচ্ছে না। হাওয়া অফিস সূত্রে খবর, ফের নতুন করে সাগরে একটা নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। যদিও এই মুহূর্তে বাংলা নিয়ে উদ্বেগের কারণ নেই বলেই জানিয়েছে আবহাওয়াবিদরা।
গত কয়েক দিনে একের পর এক দুটি ঘূর্ণিঝড় অন্ধ্র ও ওড়িশার তটে আঘাত হেনেছে। তার জেরে এ রাজ্যেও দফায় দফায় বৃষ্টি আর দমকা হাওয়া বয়ে গিয়েছে। সেই রেশ কাটতে না কাটতেই সাগরে নতুন করে চাপ তৈরি হওয়ার ইঙ্গিত মিলেছে।
আবহাওয়া দফতরের ব্যাখ্যা অনুযায়ী, আন্দামান সাগরের ওপরে নতুন একটি সিষ্টেম তৈরি হয়েছে। যা মাটি থেকে প্রায় ছয় কিলোমিটার উঁচু পর্যন্ত বিস্তৃত। এর হাত ধরেই শুক্রবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটা দুর্বল চাপক্ষেত্র গড়ে উঠতে পারে। সেটা ধীরে ধীরে উত্তর-পশ্চিমে এগিয়ে শনিবার আরও স্পষ্ট রূপ নেবে। রবিবার নাগাদ তা পূর্ণাঙ্গ নিম্নচাপে বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত পুরো বিষয়টার ওপর নজর রাখছেন আবহাওয়াবিদরা।
এই নিম্নচাপের গতিপথ কোন দিকে মোড় নেবে, সেটা এখনও পরিষ্কার নয়। তাই বাংলায় এর সরাসরি প্রভাব পড়বে কি না, তা নিয়ে এখনই কিছু বলতে চাইছে না হাওয়া অফিস। বরং আগামী কয়েক দিন রাজ্যের আকাশ মূলত পরিষ্কার থাকবে বলেই জানানো হয়েছে। দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা আরও কিছুটা নেমে যেতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় পারদ ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত নামার সম্ভাবনা রয়েছে। তার ফলে সন্ধ্যার পর থেকে হালকা শীতের অনুভূতি পাওয়া যাবে। এরপর আপাতত তাপমাত্রায় বড় কোনও ওঠানামার ইঙ্গিত নেই। একইভাবে উত্তরবঙ্গের ধীরে ধীরে নামবে পারদ।
শুক্রবার ভোরে মহানগরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১.৫ ডিগ্রি। স্বাভাবিকের তুলনায় যা এক ডিগ্রির একটু বেশি। আগের দিন, অর্থাৎ বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে দেড় ডিগ্রি মতো কম।