নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: ৭ বছরের এক শিশুকে নির্জন বাড়িতে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠল এলাকারই এক কিশোরের বিরুদ্ধে। ঘটনার পর অভিযোগ জানাতে অভিযুক্তের বাড়িতে গেলে শিশু ও তার মাকে মারধর ও হেনস্থা করা হয় বলেও অভিযোগ উঠেছে। ঘটনায় মূল অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করেছে ইন্দাস থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মা পুকুরে কাপড় কাচতে গিয়েছিলেন। সেই সময় বাড়িতে একা ছিল শিশুটি। অভিযোগ, সেই সুযোগে ১৬ বছর বয়সি কিশোরটি বাড়িতে আসে। পরে চকোলেট দেওয়ার কথা বলে শিশুটিকে পাশের একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে নির্যাতন করা হয় বলে অভিযোগ। শিশুর চিৎকার শুনে মা ছুটে গেলে অভিযুক্ত পালিয়ে যায়।
এরপর শিশুকে নিয়ে মা অভিযুক্তের বাড়িতে গেলে তাঁদের উপর চড়াও হয় অভিযুক্তের পরিবারের লোকজন। মারধর ও হেনস্থা করা হয় বলেও অভিযোগ। পরে মা ইন্দাস থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েই তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে।
অভিযোগকারিণীর দাবি, এটাই প্রথমবার নয়। এর আগেও একাধিকবার একইভাবে শিশুটিকে নির্যাতন করা হয়েছে। গোটা ঘটনায় অভিযুক্ত কিশোর ও তার পরিবারের সদস্যদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।