ওঙ্কার ডেস্ক: আরজেডি (রাষ্ট্রীয় জনতা দল) থেকে বহিষ্কারের পর এবার নিজেই বড় ঘোষণা করলেন তেজপ্রতাপ যাদব। আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে মহুয়া আসন থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়ার সিদ্ধান্ত জানালেন তিনি।
বর্তমানে হাসানপুর কেন্দ্রের বিধায়ক তেজপ্রতাপ, শনিবার পাটনার বাসভবনে সাংবাদিকদের বলেন, “এইবার আমি মহুয়া থেকে ভোটে দাঁড়াব। আমার নাম শুনেই প্রতিদ্বন্দ্বীদের অস্বস্তি শুরু হয়েছে।”পাশাপাশি জানান, তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘টিম তেজপ্রতাপ যাদব’ এর সঙ্গে বহু মানুষ যুক্ত হচ্ছেন, এবং সমর্থন করছেন। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সম্পর্কেও মন্তব্য করেন তেজ প্রতাপ বলেন, “চাচা এবার আর মুখ্যমন্ত্রী হবেন না। যারা যুব সমাজ, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কাজ করবে, তেজপ্রতাপ তাদের পাশে থাকবে।”
প্রসঙ্গত, গত ২৫ মে “দায়িত্বজ্ঞানহীন আচরণ”এর অভিযোগে আরজেডি থেকে ছয় বছরের জন্য বহিষ্কৃত হন তেজপ্রতাপ। সেই সিদ্ধান্তে ছিল দলের প্রতিষ্ঠাতা তথা তাঁর বাবা লালুপ্রসাদ যাদবের সিলমোহর। বহিষ্কারের পেছনে কারণ ছিল তাঁর ফেসবুক পোস্টে এক মহিলার সঙ্গে সম্পর্কের দাবি, যদিও পরে তিনি বলেন, অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। এরপর থেকেই তেজপ্রতাপ দাবি করতে থাকেন, তাঁকে ও ভাই তেজস্বী যাদবকে দূরে সরাতে ষড়যন্ত্র চলছে। ‘জয়চাঁদ’দের বিরুদ্ধে একাধিকবার তোপ দেগেছেন তিনি।
২০১৫ সাল থেকে সক্রিয় রাজনীতিতে থাকা তেজপ্রতাপ দুই বার বিধায়ক হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী হিসেবেও কাজ করেছেন। অন্যদিকে, আসন্ন নির্বাচনে আরজেডি নেতৃত্বে থাকছেন তেজস্বী যাদব। এই প্রেক্ষিতে তেজপ্রতাপের নির্দল লড়াই রাজ্য রাজনীতিতে ভিন্ন সুর ছড়াতে পারে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।
