নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুরে এডিডিএ দফতরের সামনে সিপিএমের প্রতিবাদ সভাকে ঘিরে উত্তেজনা। সভায় উপস্থিত বাম নেতা-নেত্রীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বিশ্ব হিন্দু রক্ষা বাহিনী। অভিযোগ, সভাস্থল থেকে হিন্দু-বিরোধী মন্তব্য করা হয়েছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে বামেরা। শুক্রবার ঘটনাকে কেন্দ্র চাঞ্চল্য সৃষ্টি হয় ঘটনাস্থলে। পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামলায়।
জানা যাচ্ছে, এদিন সভায় উপস্থিত ছিলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ, মীনাক্ষী মুখার্জি-সহ দলের বহু কর্মী ও সমর্থক। নির্ধারিত সময় অনুযায়ী শুরু হয় কর্মসূচি। কিন্তু তাল কাটে কিছুক্ষনের মধ্যেই। সভা চলাকালীন গণ্ডগোলে জড়িয়ে পড়ে বিশ্ব হিন্দু রক্ষা বাহিনী ও বামেরা। অভিযোগ ওঠে, সভা থেকে শতরূপ ঘোষ ও মীনাক্ষী মুখার্জিরা হিন্দু-বিরোধী মন্তব্য করেছেন। এরপর ক্রমেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিশ্ব হিন্দু রক্ষা বাহিনীর সমর্থকেরা ঢাক বাজিয়ে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে থাকেন।
অন্যদিকে, সিপিএমের পক্ষ থেকে পাল্টা অভিযোগ তোলা হয়। তাদের দাবি, ওই সভা ভণ্ডুল করার উদ্দেশ্যেই বিশ্ব হিন্দু রক্ষা বাহিনীর সমর্থকেরা সভাস্থলের বিপরীতে এসে ঢাক বাজিয়ে প্রতিবাদ করেছেন। পাশাপাশি সভাস্থল থেকে কোনও হিন্দু-বিরোধী কথা বলা হয়নি বলেও জানান বামেরা। এমতাবস্থায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দু’পক্ষকে বোঝানোর চেষ্টা করে। কিছুক্ষন পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।