ওঙ্কার ডেস্ক: ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে পশ্চিম এশিয়ার রাজনীতি। এই পরিস্থিতিতে সেসব দেশে আটকে পরা ভারতীয়দের দেশে ফেরাতে তৎপর কেন্দ্রীয় মন্ত্রক। ইরানে আটকে পরা সমস্ত ভারতীয় দের দেশে ফেরানোর বিজ্ঞপ্তি আগেই দিল্লী জারি করেছিল নয়া দিল্লী। ভারতের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ইজরায়েল ঘিরে সাম্প্রতিক নিরাপত্তাজনিত পরিস্থিতি এবং ইরানে চলতে থাকা বিক্ষোভ ও অস্থিরতার কারণে ওই দুই দেশে অবস্থানরত বা সেখানে ভ্রমণের পরিকল্পনা থাকা ভারতীয়দের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি।
ইজরায়েলে নিযুক্ত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের অপ্রয়োজনীয় যাত্রা এড়িয়ে চলা উচিত। যাঁরা ইতিমধ্যেই ইজরায়েলে রয়েছেন, তাঁদের স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা সংস্থার জারি করা নির্দেশিকা মেনে চলতে বলা হয়েছে। বিশেষ করে ভিড়পূর্ণ এলাকা, রাজনৈতিক সমাবেশ বা সম্ভাব্য সংঘর্ষপ্রবণ অঞ্চল থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নিরাপত্তা পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে দূতাবাস জানিয়েছে, যে কোনও জরুরি পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের জন্য ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু রাখা হয়েছে।
অন্যদিকে ইরানের পরিস্থিতি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার। সেখানে চলমান প্রতিবাদ, সংঘর্ষ এবং রাজনৈতিক অস্থিরতার জেরে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে ভারতীয় নাগরিকদের ইরানে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। যাঁরা বর্তমানে ইরানে অবস্থান করছেন, তাঁদের সম্ভব হলে বাণিজ্যিক বিমানে দ্রুত দেশ ছাড়ার কথাও বলা হয়েছে। পাশাপাশি বিক্ষোভস্থল ও সেনা নজরদারিপূর্ণ এলাকা এড়িয়ে চলা, প্রয়োজনীয় নথিপত্র হাতের কাছে রাখা এবং নিয়মিত দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বিদেশমন্ত্রক সূত্রে খবর, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েন, আঞ্চলিক সংঘাতের আশঙ্কা এবং অভ্যন্তরীণ অস্থিরতার জেরেই এই সতর্কতা জারি করা হয়েছে। ভারত সরকার পরিস্থিতির ওপর ঘনিষ্ঠ নজর রাখছে এবং প্রয়োজন হলে পরবর্তী সময়ে আরও নির্দেশিকা জারি করা হবে বলে জানানো হয়েছে। ভারতীয় নাগরিকদের নিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে স্পষ্ট করেছে প্রশাসন।
