নিজস্ব প্রতিনিধি, চোপড়া: গভীর রাতে চোপড়া বিডিও অফিসে হানা দিয়ে দু’টি কম্পিউটার সেট নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। মঙ্গলবার সকালে দপ্তর খোলার পর চুরির বিষয়টি নজরে আসতেই অফিস চত্বরে চাঞ্চল্য ছড়ায়। কর্মীদের মধ্যে আতঙ্কের পাশাপাশি ক্ষোভও দেখা দেয়। দপ্তর সূত্রে খবর, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা দোতলার জানালার গ্রিল ভেঙে ভিতরে ঢোকে। সেখান থেকে গুরুত্বপূর্ণ বিভাগের দুটি কম্পিউটার সেট নিয়ে পালিয়ে যায় তারা। চুরি যাওয়া কম্পিউটারগুলিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি তথ্য ও নথি সংরক্ষিত ছিল বলে জানা গিয়েছে। ফলে শুধু যন্ত্রপাতি খোয়া যাওয়ার ঘটনা হিসেবে নয়, সরকারি তথ্যের সুরক্ষা নিয়েও বড় প্রশ্ন উঠছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ। দপ্তরের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
তদন্তে নেমে পুলিশ অফিসের পিছনে থাকা ঝাড়জঙ্গলের ভিতর থেকে একটি কম্পিউটার সেট উদ্ধার করেছে। তবে দ্বিতীয় কম্পিউটারটির এখনও কোনও সন্ধান মেলেনি। সেটি কোথায় গেল, তা খতিয়ে দেখছে পুলিশ। উদ্ধার হওয়া কম্পিউটারটি পরীক্ষা করে দেখা হচ্ছে, এর থেকে কোনও তথ্য নষ্ট হয়েছে কিনা বা তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা হয়েছিল কিনা। একই সঙ্গে অফিস চত্বরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। কতজন এই চুরির সঙ্গে জড়িত ছিল, তারা কোন দিক থেকে ঢুকেছিল এবং কোন পথে পালিয়েছিল, সে সব তথ্য সংগ্রহ করা হচ্ছে। স্থানীয়দেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
তবে এই চুরির ঘটনায় সবচেয়ে বড় প্রশ্ন উঠছে অফিসের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। অফিস চত্বরের চারদিকে একাধিক সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও কীভাবে দুষ্কৃতীরা এত সহজে দোতলায় উঠে গ্রিল ভেঙে চুরি করে পালাল, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। আরও উদ্বেগের বিষয়, এক বছরের ব্যবধানে একই দপ্তরে পরপর দুবার চুরির ঘটনা ঘটল। এর আগে চুরির পর নিরাপত্তা জোরদার করার কথা বলা হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা গেল না বলে অভিযোগ। সরকারি দপ্তরে গুরুত্বপূর্ণ নথি ও তথ্য যেখানে থাকে, সেখানে নিরাপত্তায় এত বড় গাফিলতি কেন, তা নিয়েও প্রশ্ন উঠছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। দ্বিতীয় কম্পিউটার উদ্ধার ও দুষ্কৃতীদের গ্রেপ্তারের দিকে এখন নজর সবার।