ওঙ্কার ডেস্ক: মর্মান্তিক দুর্ঘটনা হায়দরাবাদে। সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসের জেরে মৃত্যু হল তিন সাফাইকর্মীর। মঙ্গলবার বাচুপল্লি এলাকার একটি আবাসনে এই ঘটনা ঘটে। প্রথমে এক কর্মী ট্যাঙ্কের ভিতরে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে উদ্ধার করতে ভিতরে নামেন আরও দু’জন। কিন্তু শেষরক্ষা হয়নি। তিন জনের কেউই আর জীবিত অবস্থায় বাইরে বেরিয়ে আসতে পারেননি। এই ঘটনায় ফের সামনে এল নিষিদ্ধ হওয়া সত্ত্বেও বিপজ্জনক পদ্ধতিতে সাফাইকর্মীদের দিয়ে নিকাশি পরিষ্কারের বাস্তব ছবি।
রিপোর্ট অনুসারে, মৃতদের নাম কে শন্মুখ রাও ওরফে সুমন (২৬), সুরেশ গাজিকি (২৪) এবং ওয়াই পবন (২০)। তিন জনই অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুরেশের এক আত্মীয় তোলুগু বালা সাই এই ঘটনায় অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, সুরেশ তাঁকে জানিয়েছিলেন, এক ব্যক্তি কাজের প্রস্তাব দিয়েছেন। সেই সূত্রেই দু’জনে হায়দরাবাদের দিনেশ অরিক অ্যাপার্টমেন্টে পৌঁছন। সেখানে সুমন আগে থেকেই সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারের কাজে নিযুক্ত ছিলেন।
অভিযোগকারী বালা সাই জানিয়েছেন, তিনি ঘটনাস্থলের কাছেই দাঁড়িয়েছিলেন। আচমকাই ট্যাঙ্কের ভিতরে কাজ করার সময় জ্ঞান হারান সুমন। তাঁকে বাঁচাতে পবন ট্যাঙ্কের ভিতরে নামেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনিও সংজ্ঞাহীন হয়ে পড়েন। এরপর সুরেশও তাঁদের খোঁজ নিতে ট্যাঙ্কে প্রবেশ করেন। কিন্তু তিন জনের কেউই আর বাইরে ফিরে আসেননি। এই ঘটনায় সংশ্লিষ্ট সংস্থার মালিক রবির বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ আনা হয়েছে। কর্মীদের প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম না দেওয়া এবং কাজের সময় যথাযথ তদারকি না করার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।