ওঙ্কার ডেস্কঃ আসন্ন বাজেট অধিবেশনে এসআইআর নিয়ে সরব হতে চায় তৃণমূল। মঙ্গলবার সর্বদল বৈঠকে সেই ইঙ্গিত দিয়ে রাখা হয়েছে। সমাজমাধ্যমে পোস্ট দিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ জানান, এসআইআর নিয়ে আসন্ন বাজেট অধিবেশন আলোচনা হোক বলে দাবি করা হয়েছে। এই নিয়ে তৃণমূলের পাশে রয়েছে বিজেপি-বিরোধী দলগুলি। পাশাপাশি ভিবি-জি রাম জি নিয়েও আলোচনা চেয়েছে বিরোধীরা। কিন্তু সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু স্পষ্ট করে দিয়েছেন, এই দু’টি বিষয় নিয়ে আলোচনা হবে না, কারণ তা নিয়ে আগেই আলোচনা হয়ে গিয়েছে।
এসআইআর নিয়ে আলোচনার দাবি প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘‘গত অধিবেশনে সংসদের দুই কক্ষেই নির্বাচনী সংস্কার নিয়ে কথা হয়েছে। সেখানে এই ইস্যু নিয়েও আলোচনা হয়েছে। এই নিয়ে আরও একটি বিতর্কের দাবি উঠলে তা অযাচিত।’’
বুধবার সংসদে শুরু হচ্ছে বাজেট অধিবেশন। তার আগের দিন, মঙ্গলবার সংসদ ভবনের কমিটি রুমে হয় সর্বদল বৈঠক। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের সভাপতিত্বে হয় বৈঠক। ছিলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। বৈঠকে যোগ দেন বিভিন্ন দলের লোকসভা, রাজ্যসভার সাংসদেরা। তৃণমূলের তরফে সর্বদলে যোগ দেন লোকসভায় উপদলনেতা শতাব্দী রায় এবং রাজ্যসভার সাংসদ সাগরিকা।
তৃণমূলের সঙ্গে সুর মিলিয়ে অন্য বিরোধী দলগুলিও। বৈঠক থেকে বেরিয়ে কংগ্রেসের সাংসদ প্রমোদ তিওয়ারি জানান, বাজেট অধিবেশনে বিরোধীরা নিজের দাবিদাওয়া নিয়ে সরব হবে। তিনি সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, ‘‘সংবিধান যা অধিকার দিয়েছে, এই সরকার তা ছিনিয়ে নিচ্ছে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করে দিচ্ছে ওরা।
১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করা হবে। অধিবেশনের প্রথম দফা ২৮ জানুয়ারি শুরু হয়ে ১৩ ফেব্রুয়ারি শেষ হবে। দ্বিতীয় দফ ৯ মার্চ শুরু হয়ে ২ এপ্রিল শেষ হবে।
