নিজস্ব সংবাদদাতা: ধর্মতলার শহিদ দিবসের সভা তৃণমূল কংগ্রেসের কাছে শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি আবেগ, লড়াই আর সংগঠনের শক্তি প্রদর্শনের দিন। প্রতি বছরই বিপুল জনসমাগমের মধ্যে এই সমাবেশে কার্যত হয়। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। তবে ব্যতিক্রম দেখা গেল আবহাওয়ায়, জুলাইয়ের মাঝামাঝি সময়ে যখন সাধারণত বৃষ্টি আর মেঘলা আকাশ দেখা যায়, সেখানে সোমবার শহিদ মঞ্চে প্রবল রোদ ও আর্দ্রতা বিপাকে ফেলল অনেককেই। গরমের জেরে অসুস্থ হয়ে পড়লেন তৃণমূলের চারজন পরিচিত জনপ্রতিনিধি সাংসদ শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, শতাব্দী রায় এবং বিধায়ক মদন মিত্র। জানা গিয়েছে, বক্তৃতা চলাকালীন বা সভা শেষের কিছু আগে তাঁরা অস্বস্তি বোধ করতে শুরু করেন। সঙ্গে সঙ্গে দলের পক্ষ থেকে তাঁদের সভামঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয় এবং পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত অ্যাম্বুল্যান্সে করে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়।
প্রতি বছরই শহিদ দিবসের মতো বিশাল জনসমাগমের কর্মসূচিতে আলাদা মেডিক্যাল ক্যাম্পের ব্যবস্থা থাকে। এবারও সেই প্রস্তুতি ছিল। তবু তীব্র তাপপ্রবাহ এবং দীর্ঘ সময় ধরে খোলা মঞ্চে বসে থাকার কারণে অসুস্থ হয়ে পড়েন চার জনপ্রতিনিধি। হাসপাতাল সূত্রে খবর, প্রাথমিক চিকিৎসার পর সাংসদ শতাব্দী রায়, কীর্তি আজাদ ও শত্রুঘ্ন সিনহাকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁরা শারীরিকভাবে সুস্থ বোধ করায় নিজেদের গাড়িতে ফিরে গিয়েছেন। তবে বিধায়ক মদন মিত্রকে কিছু শারীরিক পরীক্ষা ও পর্যবেক্ষণের জন্য হাসপাতালেই ভর্তি রাখা হয়েছে।
দলের এই গুরুত্বপূর্ণ নেতাদের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। হাসপাতাল সূত্রে খবর, তাঁদের মধ্যে গুরুতর কোনও শারীরিক জটিলতা নেই। তাপমাত্রা ও আর্দ্রতার কারণে সাময়িক শারীরিক দুর্বলতাই এই অস্বস্তির কারণ বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
