ওঙ্কার ডেস্ক: আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের কারণেই তেলের দাম ও শেয়ার বাজারে অস্বস্তি শুরু হয়েছে বলে অভিযোগ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের সঙ্গে যুদ্ধের উত্তেজনা বাড়ার নেপথ্যেও ডেমোক্রেটদের জয়কে দায়ী করেছেন তিনি।
এই প্রসঙ্গে নিজের ট্রুথ সোশ্যালে একের পর এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, তিনি আগেই ‘ভবিষ্যদ্বাণী’ করেছিলেন। তাঁর প্রশাসনের বিরুদ্ধে জনরায় গেলে আর্থিক বাজারে ধাক্কা লাগবে এবং ইরান আরও আগ্রাসী হয়ে উঠবে। নির্বাচনের আগে তেলের দাম বেড়ে যাওয়ার জন্য ইরান ও ডেমোক্র্যাটদেরই দায়ী করেছেন তিনি। তাঁর কথায়, ভোটাররা ভোট দেওয়ার আগে বিষয়টি বুঝতে পারেননি, এটা ‘দুর্ভাগ্যজনক’।
ট্রাম্প সমাজমাধ্য়মে লিখেছেন, “সবার মনে আছে, ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন নিয়ে আমি দুটি কথা বলেছিলাম। এক, ডেমোক্র্যাটরা জিতলে শেয়ার বাজার অনেকটা পড়ে যাবে, তা-ই হয়েছে। দুই, ইসলামিক রিপাবলিক অব ইরান, যারা আজ পর্যন্ত ৮১ হাজার বিক্ষোভকারীকে মেরেছে, তারা হামলায় আরও আগ্রাসী হয়ে উঠবে, তা-ও হয়েছে।” ট্রাম্প আরও দাবি করেছেন, গত এক সপ্তাহে ইরান গত এক বছরের মধ্যে সবচেয়ে বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। যদিও তাঁর দাবি, মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা সেই হুমকি নস্যাৎ করে দিয়েছে।
তাঁর আরও বক্তব্য, “ইরানের নেতারা ডেমোক্র্যাটদের দুর্বল, অকার্যকর এবং দেশ ধ্বংসকারী বলে মনে করেন, কিন্তু আমি তা হতে দেব না! ডেমোক্র্যাট ও ইরান দু’পক্ষই যতদিন সম্ভব তেলের দাম চড়া রাখতে প্রাণপণ লড়েছে। আর নির্বাচনের পর থেকে তেলের দাম রেকর্ড হারে কমেছে। ভোটাররা ভোট দেওয়ার আগে বিষয়টি বুঝতে পারেননি, এটা দুর্ভাগ্যজনক।
আরেকটি পোস্টে ট্রাম্প ফের ডেমোক্র্যাট ও তেহরানকে কটাক্ষ করে নির্বাচনের পর তেলের দাম কমার সঙ্গে রাজনৈতিক ফলকে জুড়ে দিয়েছেন। তিনি লিখেছেন, “এটা কি মজার নয় যে মধ্যবর্তী নির্বাচনের পর তেলের দাম হঠাৎ করে অনেকটা কমে গেছে? আমি বলেছিলাম, এটা হতে চলেছে।” পুরো বিষয়টিকে তিনি ‘বিশাল প্রতারণা’ বলে বর্ণনা করেছেন।
ট্রাম্পের এই মন্তব্য এমন সময়ে এল যখন ডেমোক্র্যাটরা গত তিন দশকের মধ্যে জাতীয় নির্বাচনে হাউসে সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। দাম বৃদ্ধি ও ট্রাম্পের অশান্ত দ্বিতীয় মেয়াদের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভের জেরে তারা হাউসে অন্তত ২৫৮টি আসন দখল করেছে। অ্যাসোসিয়েটেড প্রেসের সর্বশেষ ফল অনুযায়ী, ১৯৯০-এর দশকের গোড়ার পর থেকে যেকোনও নির্বাচনের চেয়ে বেশি হাউস আসন জিতেছে ডেমোক্র্যাটরা। সেনেটে দলটির দখলে প্রায় ৫৪টি আসন, অন্যদিকে রিপাবলিকান পার্টির দখলে ৪৪টি আসন।