ওঙ্কার ডেস্ক: দু’দিনের সফরে ভারত এসেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। আজ, সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর একান্ত বৈঠক হবে। এছাড়া হবে প্রতিনিধি পর্যায়ের বৈঠকও। সূত্রের খবর আজই দুই প্রধানমন্ত্রী একসঙ্গে ভার্চুয়ালি পতাকা নেড়ে সূচনা করবেন সরযূ-কমলা এক্সপ্রেসের। নতুন এই সাপ্তাহিক ট্রেন নয়াদিল্লি থেকে ছেড়ে উত্তরপ্রদেশের অযোধ্যা হয়ে নেপালের জনকপুর ধাম পর্যন্ত যাবে।
গত ২৭ মার্চ প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর বলেন্দ্রর এটাই প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর। এর আগে সেপ্টেম্বরে রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে যোগ দিতে তিনি নিউইয়র্ক গিয়েছিলেন। নেপালের নবনির্বাচিত প্রধানমন্ত্রীদের প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর হিসেবে ভারতকে বেছে নেওয়ার একটা দীর্ঘদিনের রীতি রয়েছে। যদিও এটি কোনও বাধ্যতামূলক নিয়ম নয়। প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ২০২৪ সালে এই রীতি ভেঙে প্রথমে চিন সফরে গিয়েছিলেন।
সূত্রের খবর, ৩৫ বছর বয়সি বলেন্দ্রকে আজ রীতি মেনে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে। সেখান থেকে তিনি রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। তারপর হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে প্রায় ৩০ মিনিটের একান্ত দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা তাঁর। পরে দুই পক্ষের মধ্যে সমঝোতা স্মারক বিনিময় ও যৌথ বিবৃতি প্রকাশ করা হবে।
‘দ্য কাঠমান্ডু পোস্ট’-এর খবর অনুযায়ী, বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হবে। এর মধ্যে রয়েছে ভারতীয় আকাশসীমা দিয়ে নেপালের জন্য অতিরিক্ত বিমান প্রবেশপথের দীর্ঘদিনের দাবি, দুর্যোগ-পরবর্তী পুনর্গঠনে সহায়তা এবং অন্যান্য দ্বিপাক্ষিক সহযোগিতা। আন্তর্জাতিক যোগাযোগ বাড়াতে, বিশেষ করে ভৈরহাওয়া ও পোখরার দুটি আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য ভারতীয় আকাশসীমা দিয়ে অতিরিক্ত বিমান প্রবেশপথ চেয়ে আসছে নেপাল।
বন্যা-পরবর্তী পুনর্গঠন ও পরিকাঠামো উন্নয়নের জন্য নেপাল ভারতের কাছ থেকে অনুদান ও সহজ শর্তে ঋণ হিসেবে বিপুল সহায়তা চাইছে। গত ২৬ অগস্ট ভোটেকোশি-রসুয়া করিডরে ভয়াবহ বন্যার পর পুনর্গঠন ও পুনর্বাসনের জন্য কাঠমান্ডু প্রায় ২০০ কোটি ডলার সহায়তা চেয়েছে বলে জানা গেছে। জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা নিয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। নেপাল ভারতে বিদ্যুৎ রফতানি বাড়াতে চায়। অন্যদিকে নয়াদিল্লি নেপালের জলবিদ্যুৎ ক্ষেত্রে বিনিয়োগে ক্রমশ আগ্রহ দেখাচ্ছে।
এদিন সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর ভারত থেকে রওনা দেবেন শাহ। তাঁর সঙ্গে অন্তত চারজন মন্ত্রী রয়েছেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে থাকতে পারেন বিদেশমন্ত্রী, অর্থমন্ত্রী, পরিকাঠামো মন্ত্রী, পর্যটন ও অসামরিক বিমান চলাচল মন্ত্রী এবং জ্বালানি ও জলসম্পদ মন্ত্রী। শাহের সফরসঙ্গী হিসেবে অল্প সংখ্যক ব্যবসায়ী ও শিল্পপতিও এসেছেন। তাঁরা ভারতের বেসরকারি ক্ষেত্রের সঙ্গে আলোচনা করবেন এবং ব্যবসা ও বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখবেন।