ওঙ্কার ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ ফের রক্তাক্ত হল বিদ্রোহী গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর হামলায়। বুধবার বাজাউর জেলার নাওগাই সড়কে সরকারি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটায় টিটিপি জঙ্গিরা। ঘটনাস্থলেই নিহত হয়েছেন অন্তত পাঁচ জন, গুরুতর জখম আরও ১১ জন। পাক সংবাদমাধ্যম ‘দ্য ডন’-এর তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে রয়েছেন বাজাউরের সহকারী কমিশনার ফয়জল ইসমাইল ও মহকুমাশাসক আবদুল ওয়াকিল। নিহত হয়েছেন দুই পুলিশকর্মী ও এক সাধারণ নাগরিকও। বাজ়াউরের পুলিশ প্রধান ওয়াকাস রফিক জানিয়েছেন, খার তহসিলের সিদ্দিকাবাদ রেলওয়ে এলাকায় সরকারি গাড়িকে লক্ষ্য করে গ্রেনেড হামলা চালায় টিটিপি জঙ্গিরা। বিস্ফোরণের তীব্রতায় পুরো গাড়িটি ছিন্নভিন্ন হয়ে যায়।
উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বরে পাকিস্তান সরকারের সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর থেকেই ফের হামলার রাস্তা বেছে নেয় টিটিপি। সংঘর্ষবিরতি ভেঙে পাক সেনা ও আধাসেনার যৌথ অভিযান শুরুর অভিযোগ তুলে তারা ‘যুদ্ধ’ ঘোষণা করে। এরপর থেকে একের পর এক হামলায় অশান্তি ছড়াচ্ছে খাইবার পাখতুনখোয়া ও সীমান্তবর্তী অঞ্চল। গত বছরের শেষদিকে পাক বায়ুসেনার যুদ্ধবিমান আফগানিস্তানের পাকতিকা প্রদেশে হামলা চালিয়েছিল টিটিপি ঘাঁটি লক্ষ্য করে এমনই দাবি ইসলামাবাদের। তবে আফগান তালিবান পাল্টা অভিযোগ তুলেছিল, পাক বায়ুসেনা সাধারণ গ্রামবাসীদের লক্ষ্য করেছে। ফলে সীমান্ত উত্তেজনা আরও বেড়েছে। পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই অশান্ত হয়ে পড়ছে। প্রশাসনিক কর্তাদের নিশানা করে হামলা জঙ্গিদের সাহসিকতা ও সংগঠিত অবস্থারই প্রমাণ দিচ্ছে বলে মনে করছে আন্তর্জাতিক মহল।
