ওঙ্কার ডেস্ক: পাঞ্জাবের মোগা টাউন এলাকার অঙ্গদপুরায় রাতের অন্ধকারে চলল এলোপাথাড়ি গুলি। একটি দোকানের সামনে পরপর প্রায় ২০ রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই ভাই। গুলিবিদ্ধ হয়েছেন আরও দু’জন। রবিবার রাতের এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে একটি দোকানের সামনে বসেছিলেন চার জন। তাঁদের মধ্যে ছিলেন একই পরিবারের দুই ভাই। সেই সময় সেখানে পৌঁছয় একটি কালো রঙের স্করপিও গাড়ি। কিছু বুঝে ওঠার আগেই গাড়ি থেকে তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয়। প্রায় ১৫ থেকে ২০ রাউন্ড গুলি চালানোর পর ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় গাড়িটি। দুষ্কৃতীরা গাড়ি থেকে না নামায় প্রত্যক্ষদর্শীরা তাদের মুখ দেখতে পাননি। গুলিতে গুরুতর জখম চার জনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় গগন জিন্দাল ও সাহিল জিন্দালের। মৃতদের মধ্যে গগনের বয়স ৩০ বছর। সাহিলের বয়স ৪০। তাঁরা সম্পর্কে দুই ভাই। গগনের মাথায় এবং সাহিলের পেটে গুলি লাগে বলে জানা গিয়েছে।
আহত বাকি দু’জনও ওই পরিবারের পরিচিত। তাঁদের পেট ও হাতে গুলি লেগেছে। বর্তমানে হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক বিবাদ অথবা গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই হামলা হয়ে থাকতে পারে। পুরনো শত্রুতার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। মৃতদের পরিবারের তরফে কয়েকজনের নাম সন্দেহভাজন হিসেবে জানানো হয়েছে। তবে জনবহুল এলাকায় দোকানের সামনে এমন হামলা কীভাবে ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠছে। ভোটের আগে পাঞ্জাবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। এই ঘটনার পর আম আদমি পার্টির সরকারকে নিশানা করেছে বিজেপি ও শিরোমণি অকালি দল।