ওঙ্কার ডেস্ক: চলতি সপ্তাহ জুড়ে রাজ্যে শীতের আমেজ থাকলেও এখনও জাঁকিয়ে শীত পড়েনি রাজ্যে। এরই মধ্যে আবার রবিবার থেকে দক্ষিণবঙ্গে পারদ চড়ার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে উত্তরবঙ্গে বাড়তে পারে কুয়াশা। তবে কলকাতার আকাশ পরিষ্কার থাকবে বলে জানাচ্ছে, আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, চলতি সপ্তাহের বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গে সকাল-সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকলেও রবিবার থেকে আবারও তাপমাত্রা বাড়তে শুরু করবে। আগামী দু-তিন দিনে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে ভোর বেলায় হালকা কুয়াশা থাকবে জেলায় জেলায়।
রবিবার কলকাতায় আকাশ থাকবে পরিষ্কার। জেলার পাশাপাশি শহর কলকাতাতেও ভোরের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
অন্যদিকে উত্তরবঙ্গে রবিবার থেকে কুয়াশা বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছেন আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা। পাহাড়ি অঞ্চলগুলিতে ভোরের দিকে ঘন কুয়াশা পড়ার পূর্বাভাস রয়েছে। দার্জিলিঙে পারদ নেমেছে ৬ ডিগ্রিতে। আলিপুরদুয়ারের তাপমাত্রা প্রায় ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে।
