ওঙ্কার ডেস্কঃ বোরখা না পরায় স্ত্রীকে গুলি করে খুন করলেন স্বামী। শুধু স্ত্রী নয়, স্ত্রীকে খুন করতে দেখে নেওয়ায় দুই মেয়েকেও খুন করলেন গুনধর বাবা। উত্তরপ্রদেশের শামলি জেলার ঘটনা। অভিযুক্তের নাম ফারুক। স্ত্রীকে গুলি করে খুন করার পর দুই কন্যাকেও হত্যা করার অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ফারুক দীর্ঘ ১৮ বছর ধরে স্ত্রীকে সবসময় বোরখা পরতে বাধ্য করতেন। এমনকি স্ত্রীর ছবি বোরখা ছাড়া ছবি প্রকাশ পেতে পারে, সেই আশঙ্কায় তিনি স্ত্রীর কখনও আধার কার্ড বা রেশন কার্ডও করতে দেননি। সম্প্রতি ফারুকের স্ত্রী তাহিরা বোরখা না পরে বাবার বাড়িতে গিয়েছিলেন। সেটা জানতে পেরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন ফারুক।
পুলিশ জানিয়েছে, গত ১০ ডিসেম্বর গভীর রাতে রান্নাঘরে স্ত্রীকে গুলি করে হত্যা করেন ফারুক। কিন্তু গুলির শব্দে জেগে ওঠে বড় মেয়ে আফরিন। মেয়ে রান্নাঘরে ছুটে এলে তাকেও গুলি করে। তখন দ্বিতীয় মেয়ে সেহরিন রান্নাঘরে ঘটনাটি দেখতে এলে তাকে শ্বাসরোধ করে খুন করে ফারুক। এরপর তিনজনের মৃতদেহ বাড়ির উঠোনে শৌচাগারের জন্য খোঁড়া প্রায় ন’ফুট গভীর গর্তে পুঁতে দেন এবং ওপর থেকে ইটের মেঝে বসিয়ে দেন।
খুনের ৬ দিন বাদে এই ঘটনা সামনে আসে। তাহিরা ও তাঁর দুই মেয়েকে না দেখে ফারুকের বাবা দাউদ বারবার প্রশ্ন করলে তিনি এড়িয়ে যান। শেষে সন্দেহ হওয়ায় দাউদ পুলিশে খবর দেন। পুলিশ জিজ্ঞাসাবাদের সময় ফারুক নিজের অপরাধ স্বীকার করেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের কাছ থেকে একটি পিস্তল, সাতটি খালি খোল এবং ১০টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।
