ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ম রয়েছে সে দেশে গিয়ে কেউ সন্তান জন্ম দিলে সেই শিশু জন্মসূত্রে মার্কিন মুলুকের নাগরিকত্ব পেয়ে যায়। যদিও এই নিয়মে বদল আনতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানালেন, সন্তান জন্ম দেওয়ার উদ্দেশে কেউ যদি মার্কিন দেশে যেতে চান তাহলে তাঁর ভিসার আবেদন বাতিল করা হবে।
ভারতের মার্কিন দূতাবাসের তরফে বৃহস্পতিবার সমাজ মাধ্যমে বলা হয়, কেবলমাত্র সন্তানের জন্ম দিতে কেউ যদি মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে চান তাহলে মার্কিন আধিকারিকেরা সংশ্লিষ্ট ব্যক্তির পর্যটক ভিসা বাতিল করে দেবেন। ট্রাম্প প্রশাসনের দাবি, পর্যটক ভিসার সুযোগ নিয়ে অনেকে মার্কিন মুলুকে যান। বস্তুত জন্মসূত্রে সন্তানের নাগরিকত্ব লাভের নিশ্চিত করতে তাঁরা এই ভিসার সুযোগ নেন। দ্বিতীয় বার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মসনদে বসার পর গত ২০ জানুয়ারি জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া সংক্রান্ত একটি নির্দেশনামায় স্বাক্ষর করেছিলেন ট্রাম্প। তাতে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার নিয়ম বাতিলের কথা বলা হয়। এমনকি মার্কিন সুপ্রিম কোর্টে বিষয়টি নিয়ে মামলা দায়ের হয়। ট্রাম্প প্রশাসনের নির্দেশ সাংবিধানিক ভাবে বৈধ কিনা তা খতিয়ে দেখবে আদালত শুক্রবার।
আন্তর্জাতিক সম্পর্ক পর্যবেক্ষকদের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট যদি ট্রাম্পের নির্দেশেই সায় দেয়, তাহলে সে দেশে চালু থাকা ১২৫ বছরের নিয়ম পরিবর্তন হয়ে যাবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট মন্তব্য করেছিলেন, জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া লক্ষ লক্ষ মানুষের দায়িত্ব নিতে মার্কিন যুক্তরাষ্ট্র নিতে পারবে না।
