ওঙ্কার ডেস্ক: ২০২২ সালে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরু হয় রাশিয়ার। দু দেশের সেই সংঘাত শুরু হওয়ার পর এই প্রথম ভারত সফরে এসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির পালাম বিমানবন্দরে পুতিনের অবতরণের পর তাঁকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ওই রাতেই বারাণসীতে রুশ অতিথিকে স্বাগত জানাতে অভিনব পথ বেছে নেওয়া হল। প্রদীপের আলোয় পুতিনের নাম ফুটিয়ে তুলে তাঁকে স্বাগত জানানো হয়।
বারাণসীর গঙ্গা আরতির সেই ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে। যেখানে দেখা গিয়েছে আলো দিয়ে লেখা হয়েছে ‘ওয়েলকাম পুতিন’। বৃহস্পতিবার পালাম বিমানবন্দরে নামার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গাড়িতে চেপে বিমানবন্দর থেকে বের হন পুতিন। সমাজ মাধ্যমে সেই ছবি শেয়ার করেছেন মোদী। শুধু তাই নয় রুশ প্রেসিডেন্টকে ‘বন্ধু’ বলে সম্বোধন করেছেন তিনি। শুক্রবার দুই রাষ্ট্রপ্রধানের সাক্ষাতে মোদী শান্তির পক্ষে সওয়াল করেন। মোদী বলেন, ভারত মোটেই নিরপেক্ষ নয়। বরং ভারত শান্তির পক্ষে। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধের আবহে ভারতের প্রধানমন্ত্রীর এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক পর্যবেক্ষকরা। সংলাপ ও কূটনীতির মাধ্যমে যুদ্ধের অবসান ঘটাতে হবে বলে মন্তব্য করেন মোদী। জবাবে পুতিনও বলেন, রাশিয়া শান্তিপূর্ণ ভাবে সমাধান করার চেষ্টা করছে।
উল্লেখ্য, শুক্রবার রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা জানান রুশ প্রেসিডেন্ট। ভিজিটর বুকে একটি সংক্ষিপ্ত নোট লেখেন তিনি। সূত্রের খবর, পুতিন গান্ধীকে আধুনিক স্বাধীন ভারতের প্রতিষ্ঠাতা হিসেবে উল্লেখ করেছেন। সেই সঙ্গে জাতির জনককে মানবতাবাদী এবং মহান স্বাধীনতা সংগ্রামী বলে অভিহিত করেছেন।
