ওঙ্কার ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ইউক্রেন হামলা করেছিল বলে তথ্য সামনে এসেছে। এই ঘটনায় এবার মর্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়া জানা গেল। ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি বিষয়টি শুনে ‘খুব রেগে গিয়েছিলেন’। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এখনও চলছে যুদ্ধ। এই আবহে ট্রাম্পের মন্তব্য নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে ইউক্রেন। বিষয়টি রাশিয়ার অপপ্রচার বলে দাবি করেছে জেলেনস্কি প্রশাসন।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সোমবার ট্রাম্প বলেন, দুই দেশের মধ্যে শান্তি আলোচনা। সেই আবহে এই ধরনের অভিযোগ শুনে তাঁর খারাপ লেগেছে। মার্কিন প্রেসিডেন্টের কথায়, ‘এটা কোনও ভাবেই সঠিক সময় নয়। হামলা করা আর প্রেসিডেন্টের বাসভবনকে টার্গেট করা এই দুটি জিনিস এক নয়।’ তবে ইউক্রেন যে হামলা চালিয়েছে তার প্রমাণ আছে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘দেখা যাবে।’
উল্লেখ্য, সোমবার পুতিনের সঙ্গে ফোনে কথা হয় ডোনাল্ড ট্রাম্পের। দুজনের আলোচনা ইতিবাচক হয়েছে বলে দাবি ট্রাম্পের। তবে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বেশ কয়েকটি স্পর্শকাতর বিষয় এখনও অমীমাংসিত বলে জানান ট্রাম্প। রাশিয়া শান্তি-আলোচনা নিয়ে নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করছে বলে পুতিন জানান। রুশ বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভের দাবি, ‘ইউক্রেন ২৮-২৯ ডিসেম্বরের রাতে নোভগোরদের একটি রেসিডেন্সে ৯১টি লং-রেঞ্জ ড্রোন দিয়ে আক্রমণ করে। যদিও সমস্ত ড্রোন ধ্বংস করে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী। কোনও ক্ষতি হয়নি।’
