ওঙ্কার ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এই ফোনালাপের পর রাশিয়ার বিমানঘাঁটি লক্ষ্য করে বোমা ছুঁড়েছে ইউক্রেনের বাহিনী। আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জেলেনস্কিকে রক্ষাকবচ দিতে পারেন ট্রাম্প। সম্ভবত সেই কারণে আরও সাহসী হয়ে উঠেছেন জেলেনস্কি।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের কথা হয়েছে। শুক্রবারই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সূত্রের খবর, সেই ফোনালাপ থেকে যুদ্ধ থামানোর বিষয়ে কোনও সমাধান উঠে আসেনি। আর তার পরেই জেলেনস্কির সঙ্গে কথা বললেন ট্রাম্প। ইউক্রেন সেনার তরফে জানানো হয়েছে, রাশিয়ার ভরোনেজ প্রদেশে বোরিসোগ্লেব্স্ক সামরিক বিমানঘাঁটিতে আঘাত হানা হয়েছে। শনিবার সেই আঘাতে বিমানঘাঁটির গ্লাইড বম্বের গুদাম এবং একটি প্রশিক্ষণরত বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ্য, রাশিয়ার যে বিমানঘাঁটিতে আক্রমণ করেছে জেলেনস্কি বাহিনী, সেখানেই রয়েছে এসইউ-৩৪, এসইউ-৩৫এস এবং এসইউ-৩০এসএম বিমান। ইউক্রেনে হামলা চালাতে এগুলিই ব্যবহার করত রাশিয়া।
উল্লেখ্য, ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলার পর ট্রাম্প জানিয়েছিলেন, রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে তিনি হতাশ। যদিও জেলেনস্কির সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প জানান, আমাদের খুব ভাল কথা হয়েছে। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামবে কি না সে বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে মার্কিন প্রেসিডেন্ট জানান এ বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না।
